খালেদার সঙ্গে সাক্ষাৎ ফখরুলের
কারামুক্তির একদিন পর দলীয় চেয়ারপারসনের সঙ্গে দেখা করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
বুধবার রাত সোয়া ৯টার দিকে গুলশানে খালেদার বাড়ি ফিরোজায় যান ফখরুল। ঘণ্টাখানেক সেখানে ছিলেন তিনি। তার সঙ্গে চেয়ারপারসনের উপদেষ্টা সাবিহ উদ্দিন আহমেদও ছিলেন।
পৌরসভা নির্বাচনে অংশ নেওয়ার সিদ্ধান্ত নিয়ে বিএনপির কাজ এগিয়ে নেওয়ার মধ্যে মঙ্গলবার কারাগার থেকে ছাড়া পান দলের ভারপ্রাপ্ত মহাসচিব।
ফখরুলসহ শীর্ষ পর্যায়ের বেশ কয়েকজন নেতার কারাগারে থাকার মধ্যে পৌরসভা নির্বাচনে বিএনপির মেয়র প্রার্থীদের প্রত্যয়নপত্র দেওয়ার ভার চাপে দলের যুগ্মমহাসচিব মোহাম্মদ শাহজাহানের উপর।
পল্টন থানায় নাশকতার তিন মামলায় হাই কোর্ট গত ২৪ নভেম্বর ফখরুলকে জামিন দিলে ওই তা স্থগিত চেয়ে রাষ্ট্র পক্ষ সর্বোচ্চ আদালতে আবেদন করে।
প্রধান বিচারপতি এস কে সিনহা নেতৃত্বাধীন আপিল বিভাগের বেঞ্চ সোমবার রাষ্ট্র পক্ষের আবেদন শুনে ‘নো অর্ডার’ দিলে ফখরুলের মুক্তির পথ তৈরি হয়।
দশম জাতীয় সংসদ নির্বাচনের বর্ষপূর্তি ঘিরে বিএনপির আন্দোলনের মধ্যে গত জানুয়ারিতে গ্রেপ্তার হওয়ার পর সাত মামলায় ছয় মাস কারাগারে ছিলেন ফখরুল।
স্বাস্থ্যগত কারণে আপিল বিভাগ অন্তর্বর্তীকালীন জামিন দিলে গত জুলাই মাসে মুক্তি পান তিনি; এরপর চিকিৎসা করাতে বিদেশে যান।
বিদেশ থেকে ফেরার পর ফখরুলের আবেদনে তার জামিনের মেয়াদ দুই দফায় বাড়ানো হয়।
জামিনের মেয়াদ শেষ হলে বিচারিক আদালতে আত্মসমর্পণ করলে গত ১৩ নভেম্বর পুনরায় তাকে কারাগারে পাঠিয়ে দেওয়া হয়।
