২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জামিন নাকচ, ফখরুল কারাগারে

হাই কোর্টের নির্দেশনা অনুযায়ী বিএনপি নেতা মির্জা ফখরুল ইসলাম আলমগীর আত্মসমর্পণ করার পর জামিন আবেদন নাকচ করে তাকে কারাগারে পাঠিয়েছে হাকিম আদালত।

আদালত প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Nov 2015, 04:37 PM

Updated : 25 Apr 2022, 02:05 PM

পল্টন থানার নাশকতার তিন মামলায় ফখরুলের জামিন আবেদনের শুনানি করে ঢাকার মহানগর হাকিম মারুফ হোসেন মঙ্গলবার এই আদেশ দেন।

জামিন নাকচ হওয়ার সঙ্গে সঙ্গে বিএনপিপন্থি আইনজীবীরা আদালতের বাইরে বিক্ষোভ শুরু করেন। পরে ফখরুলকে প্রিজন ভ্যানে তুলে নিয়ে যাওয়া হয় কারাগারে।  

নির্বাচনের বর্ষপূর্তি ঘিরে বিএনপির আন্দোলনের মধ্যে জানুয়ারিতে গ্রেপ্তার হওয়ার পর সাত মামলায় ছয় মাস কারাগারে ছিলেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব ফখরুল। স্বাস্থ্যগত কারণে আপিল বিভাগ অন্তর্বর্তীকালীন জামিন দিলে গত জুলাই মাসে মুক্তি পান তিনি; এরপর চিকিৎসা করাতে বিদেশে যান।  

বিদেশ থেকে ফেরার পর ফখরুলের আবেদনে তার জামিনের মেয়াদ দুই দফায় বাড়ানো হয়। আত্মসমর্পণের আগে তিনি তিন মামলায় আরও সময় চাইলে গত সোমবার সে আবেদন নাকচ করে দেয় সুপ্রিম কোর্টের আপিল বিভাগ।

মেয়াদ শেষ হয়ে যাওয়ায় মঙ্গলবারের মধ্যে ফখরুলকে বিচারিক আদালতে আত্মসমর্পণ করতে বলা হয়। সে অনুযায়ী বিকালে তিনি হাকিম আদালতে আত্মসমর্পণ করে তিন মামলায় জামিনের আবেদন করেন।

ফখরুলের পক্ষে জামিন আবেদনের শুনানিতে অংশ নেন খন্দকার মাহবুব হোসেন, জয়নাল আবেদীন, মাসুদ আহমেদ তালুকদার ও সানাউল্লাহ মিয়া।

তারা বলেন, মির্জা ফখরুল অসুস্থ। আগামী ২৪ নভেম্বর তার সিঙ্গাপুরে যাওয়ার কথা রয়েছে। এর আগেও তিনি উচ্চ আদালতের জামিন নিয়ে বিদেশে চিকিৎসা করিয়েছেন। সুতরাং এবারও তিনি জামিন পেতে পারেন।   

অন্যদিকে রাষ্ট্রপক্ষে এর বিরোধিতা করেন পিপি আবদুল্লাহ আবু। শুনানি শেষে ফখরুলের আবেদন নাকচ করে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন বিচারক।

আদেশের পর মাসুদ আহমেদ তালুকদার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে সাংবাদিকদের বলেন, “উচ্চ আদালত্‌ আত্মসমর্পণ করতে আদেশ দিয়েছিল। তাকে জামিন দেওয়া যাবে না বলেননি। জামিন দেওয়ার বিষয়ে আদালতের যে অন্তঃর্নিহিত ক্ষমতা রয়েছে তার সদ্ব্যবহার নিম্ন আদালতের বিচারক করেননি।” 

দশম জাতীয় সংসদ নির্বাচনের বর্ষপূর্তি ঘিরে বিএনপির আন্দোলনের মধ্যে গত ৬ জানুয়ারি জাতীয় প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনের পর গ্রেপ্তার হন ফখরুল। এরপর নাশকতার সাতটি মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়।

এর মধ্যে পল্টন থানায় গাড়ি পোড়ানো, অগ্নিসংযোগ ও ককটেল বিস্ফোরণের তিন মামলায় গত ১৬ এপ্রিল হাই কোর্ট থেকে ছয় মাসের জামিন পান মির্জা ফখরুল। এরপর পল্টন থানার দুটি এবং মতিঝিল থানার এক মামলায় ১৮ জুন পুলিশ প্রতিবেদন দাখিল পর্যন্ত তাকে জামিন দেয় হাই কোর্ট। রাষ্ট্রপক্ষ আপিল বিভাগে গেলে সেখানেও ফখরুলের জামিন বহাল থাকে।

আর পল্টন থানার এই তিন মামলায় গত ২১ জুন হাই কোর্ট রুল নিষ্পত্তি না হওয়া পর্যন্ত ফখরুলের জামিন মঞ্জুর করে। রাষ্ট্রপক্ষ এর বিরুদ্ধে আপিল বিভাগে গেলে আদালত পাঁচ সদস্যের একটি মেডিকেল বোর্ড করে ফখরুলের স্বাস্থ্য পরীক্ষার নির্দেশ দেয়।

বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ স্বাস্থ্য পরীক্ষার প্রতিবেদন আদালতে দেওয়ার পর ১৩ জুলাই তিন মামলায় জামিন পান মির্জা ফখরুল। জামিনের মেয়াদ শেষে তাকে বিচারিক আদালতে আত্মসমর্পণ করতে বলা হয়।

পরদিন মুক্তি পেয়ে চিকিৎসার জন্য প্রথমে সিঙ্গাপুরে এবং পরে যুক্তরাষ্ট্রে যান বিএনপির মুখপাত্র।

দেশে ফেরার পর আত্মসমর্পণের আগে সময় চেয়ে আপিল বিভাগে আবেদন করেন ফখরুল। দুই দফায় তাকে ২ নভেম্বর পর্যন্ত সময় দেওয়া হয়।

এরপর তৃতীয় দফায় তিনি একই আবেদন করলে প্রধান বিচারপতি এস কে সিনহার নেতৃত্বাধীন চার সদস্যের আপিল বেঞ্চ গত সোমবার তা নাকচ করে দেয়।

সেইসঙ্গে ফখরুলের জামিন প্রশ্নে হাই কোর্ট যে রুল দিয়েছিল, আগামী দুই সপ্তাহের মধ্যে তা নিষ্পত্তির আদেশ দেওয়া হয়।

পুরনো খবর:

ফখরুলকে কারাগারে পাঠানোয় বিএনপির উদ্বেগ
মঙ্গলবারের মধ্যে আত্মসমর্পণ করতে হবে ফখরুলকে