২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মঙ্গলবারের মধ্যে আত্মসমর্পণ করতে হবে ফখরুলকে

নাশকতার তিন মামলায় বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে মঙ্গলবারের মধ্যে বিচারিক আদালতে আত্মসমর্পণের নির্দেশ দিয়েছে আপিল বিভাগ।

সুপ্রিম কোর্ট প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Nov 2015, 11:15 AM

Updated : 25 Apr 2022, 02:05 PM

ফখরুলের জামিন প্রশ্নে হাই কোর্ট যে রুল দিয়েছিল, আগামী দুই সপ্তাহের মধ্যে তা নিষ্পত্তিরও আদেশ দেওয়া হয়েছে।

আত্মসমর্পণের জন্য দ্বিতীয় দফায় পাওয়া সময়সীমা সোমবার শেষ হওয়ায় আবার সময় বাড়াতে মির্জা ফখরুলের পক্ষে আবেদন করা হয়।

সোমবার এই আবেদনের নিষ্পত্তি করে প্রধান বিচারপতি এস কে সিনহার নেতৃত্বাধীন চার সদস্যের আপিল বেঞ্চ এ আদেশ দেয়।

আদালতে ফখরুলের পক্ষে এ বিষয়ে শুনানি করেন খন্দকার মাহবুব হোসেন ও জয়নুল আবেদীন; তাদের সঙ্গে ছিলেন আইনজীবী সগীর হোসেন লিওন। অন্যদিকে রাষ্ট্রপক্ষে ছিলেন অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল মুরাদ রেজা।

আদেশের পর মুরাদ রেজা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “আপিল বিভাগ মির্জা ফখরুলকে তিন মামলায় বিচারিক আদালতে আত্মসমর্পণ করতে বলেছে। সেইসঙ্গে হাই কোর্টে জামিন প্রশ্নে দেওয়া রুল দুই সপ্তাহের মধ্যে নিষ্পত্তি করতে বলেছে।”

সগীর হোসেন লিওন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, মির্জা ফখরুলের আদালতে আত্মসমর্পণের জন্য পাওয়া সময় শেষ ফুরিয়ে যাওয়ায় আরও আট সপ্তাহ সময় চাওয়া হয়। কিন্তু আদালত মেয়াদ বাড়ায়নি।

এর আগে দ্বিতীয় দফায় আদালতে আত্মসমর্পণের জন্য ফখরুলকে ২ নভেম্বর পর্যন্ত সময় দেন অবকাশকালীন চেম্বার বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন।

তৃতীয় দফায় মেয়াদ বাড়াতে মির্জা ফখরুলের পক্ষে ২৮ অক্টোবর আবার আবেদন জমা দেওয়া হয়।

গত ২১ জুন পল্টন থানার তিন মামলায় মির্জা ফখরুলের অন্তর্বর্তীকালীন জামিন মঞ্জুর করে হাই কোর্ট। পাশাপাশি তিন মামলায় তাকে কেন স্থায়ী জামিন দেওয়া হবে না- তা জানতে চেয়ে আদালত রুল জারি করে চার সপ্তাহের মধ্যে ঢাকার জেলা প্রশাসককে জবাব দিতে বলে।

ফখরুলকে হাই কোর্টের দেওয়া ছয় সপ্তাহের জামিন ‘স্বাস্থ্যগত অবস্থা’ বিবেচনায় ১৩ জুলাই আপিল বিভাগেও বহাল থাকে। জামিনের মেয়াদ শেষে তাকে বিচারিক আদালতে আত্মসমর্পণ করতে বলা হয়।

ওই মেয়াদ ফুরিয়ে গেলে ৩১ অগাস্ট ফখরুলের পক্ষে আত্মসমর্পণের জন্য আরও আট সপ্তাহ সময় চেয়ে করা আবেদনের শুনানি শেষে আরো ছয় সপ্তাহ সময় দেয় আপিল বিভাগ।

দশম জাতীয় সংসদ নির্বাচনের বর্ষপূর্তি ঘিরে বিএনপির আন্দোলনের মধ্যে গত ৬ জানুয়ারি জাতীয় প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনের পর গ্রেপ্তার হন ফখরুল। এরপর নাশকতার সাতটি মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়।

এর মধ্যে পল্টন থানায় গাড়ি পোড়ানো, অগ্নিসংযোগ ও ককটেল বিস্ফোরণের মামলায় গত ১৬ এপ্রিল হাই কোর্ট থেকে ছয় মাসের জামিন পান মির্জা ফখরুল।

এরপর পল্টন থানার দুটি এবং মতিঝিল থানার এক মামলায় ১৮ জুন পুলিশ প্রতিবেদন দাখিল পর্যন্ত তাকে জামিন দেয় হাই কোর্ট। রাষ্ট্রপক্ষ আপিল বিভাগে গেলে সেখানেও ফখরুলের জামিন বহাল থাকে।

আর পল্টন থানার ওই তিন মামলায় গত ২১ জুন হাই কোর্ট রুল নিষ্পত্তি না হওয়া পর্যন্ত ফখরুলের জামিন মঞ্জুর করে।

রাষ্ট্রপক্ষ এর বিরুদ্ধে আপিল বিভাগে গেলে আদালত পাঁচ সদস্যের একটি মেডিকেল বোর্ড করে ফখরুলের স্বাস্থ্য পরীক্ষার নির্দেশ দেয়।

বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ স্বাস্থ্য পরীক্ষার প্রতিবেদন আদালতে দেওয়ার পর ১৩ জুলাই তিন মামলায় জামিন পান মির্জা ফখরুল।

এর পর চিকিৎসার জন্য সিঙ্গাপুর যান তিনি।

পুরনো খবর:

আরও ৬ সপ্তাহ সময় পেলেন ফখরুল
মির্জা ফখরুল নিউ ইয়র্কে