২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ফখরুলকে কারাগারে পাঠানোয় বিএনপির উদ্বেগ

ফের কারাগারে পাঠানোয় অসুস্থ মির্জা ফখরুল ইসলাম আলমগীরের ‘স্বাস্থ্য ঝুঁকি’ নিয়ে উদ্বিগ্ন বিএনপি।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Nov 2015, 07:50 PM

Updated : 25 Apr 2022, 02:05 PM

মঙ্গলবার দলের ভারপ্রাপ্ত মহাসচিবকে আদালত কারাগারে পাঠিয়ে দেওয়ার পর এক সংবাদ সম্মেলনে বিএনপির মুখপাত্র আসদুজ্জামান রিপন তাদের উদ্বেগের কথা জানান।

নাশকতার মামলায় আট মাস কারাগারে থাকার পর সর্বোচ্চ আদালতের আদেশে জামিন নিয়ে বিদেশে চিকিৎসা করানোর পর মঙ্গলবার আদালতে আত্মসমর্পণ করেছিলেন ফখরুল।

এর আগে কারাগারে থাকার সময় তার মস্তিস্কের ক্যারোটিড ধমনীতে ব্লক ধরা পড়ে। তবে তার শরীর ধকল নেওয়ার মতো নয় বলে সিঙ্গাপুর ও যুক্তরাষ্ট্রের চিকিৎসকরা অস্ত্রোপচার না করার সিদ্ধান্ত জানায়।

রিপন বলেন,“আদালত জামিন আবেদন নাকচ করে এই অসুস্থ মানুষটিকে কারাগারে পাঠানোর নির্দেশ দেওয়ায় আমরা তার স্বাস্থ্য ঝুঁকি নিয়ে খুবই বিচলিত হয়ে পড়েছি।

“মির্জা আলমগীরের স্বাস্থ্য ঝুঁকির বিষয়টি বিবেচনায় নিয়ে তার মতো একজন সজ্জন পরিশালিত মানুষকে সুস্থভাবে বাঁচার অধিকারটুকু সরকার দেবে এবং আদালত বিষয়টি মানবিকভাবে বিবেচনা করবে বলে আমরা প্রত্যাশা করছি।

তিনি বলেন, “আমরা সরকারকে বার বার স্মরণ করিয়ে দিতে চাই, মির্জা আলমগীর জটিল রোগে আক্রান্ত মানুষ। কারা অন্তরীণ অবস্থায় তার স্বাস্থ্য ঝুঁকি আরও বেড়ে যাবে। এ পরিস্থিতিতে তার স্বাস্থ্য আরও সংকটে পড়ে গেলে সেই অনাকাঙ্ক্ষিত পরিস্থিতির জন্য সরকারকেই দেশবাসী দায়ী করবে।”

এর আগে কারাগারে থাকাকালে মির্জা ফখরুলের কয়েকদফা জ্ঞান হারিয়ে ফেলার তথ্যও নয়া পল্টনে দলীয় কার্যালয়ে ওই সংবাদ সম্মেলনে তুলে ধরেন তিনি।

রিপন বলেন, আগামী ২৪ নভেম্বর চিকিৎসার জন্য পুনরায় সিঙ্গাপুরে যাওয়ার কথা ছিল ফখরুলের।

দলের স্থায়ী কমিটির সদস্য তরিকুল ইসলাম, এম কে আনোয়ার, রফিকুল ইসলাম মিয়া, যুগ্ম মহাসচিব রুহুল কবীর রিজভী, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আবদুল মান্নানের মতো নেতারাও কারাগারে অসুস্থ হয়ে পড়েছেন বলে জানান রিপন। ভারপ্রাপ্ত মহাসচিবসহ কারাবন্দি নেতাদের মুক্তির দাবিও জানান তিনি।

রিপন বলেন, “দেশে এখন যে রাজনীতি চলছে, এটাকে রাজনীতি বলা যায় না। রাজনীতির নামে একটি অপরাজনীতি চলছে।

“আমরা লক্ষ্য করছি- সরকার ছায়ার সাথে শত্রু শত্রু খেলায় লিপ্ত রয়েছেন। বিরোধী দল ও তাদের নেতাদের অকারণে তারা (সরকার) শত্রু ভাবছে। অথচ বিরোধী দল ও এর নেতৃবৃন্দ গণতান্ত্রিক প্রক্রিয়ার একটি গুরুত্বপূর্ণ অনুসঙ্গ। আমরা মনে করি, সরকার দুর্ভাগ্যজনকভাবে সেই প্রতিষ্ঠানটিকে (বিরোধী দল) ধ্বংস করার এক আত্মঘাতী কাজে নিজেদের দূঃখজনকভাবে জড়িয়ে ফেলেছে।”

সংবাদ সম্মেলনে রিপনের পাশে ছিলেন দলের কেন্দ্রীয় নেতা আবদুল লতিফ জনি, শামীমুর রহমান শামীম, আসাদুল করীম শাহিন, তকদিন হোসেন জসিম প্রমুখ।