২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

অপবাদ না দিয়ে দোষীদের ধরুন: বিএনপি

ঢাকা ও রংপুরে এক ইতালীয়সহ দুই বিদেশিকে হত্যার পর দিনাজপুরে আরেক ইতালীয়কে গুলি করে হত্যার চেষ্টার ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছে বিএনপি।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Nov 2015, 12:49 PM

Updated : 22 Aug 2022, 01:58 PM

বুধবার বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে দলের মুখপাত্রের দায়িত্বে থাকা আসাদুজ্জামান রিপন বলেন, “আমরা সরকারের কাছে দাবি জানাচ্ছি, আর কালক্ষেপণ না করে কোনো দোষারোপের অপবাদ না দিয়ে প্রকৃত দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করার।”

বুধবার সকাল পৌনে ৮টার দিকে দিনাজপুর শহরের মির্জাপুর বিআরটিসি ডিপোর সামনের সড়কে ইতালীয় নাগরিক ফাদার পিয়েরো পারোলারিকে গুলি করে দুর্বৃত্তরা। গুরুতর অবস্থায় তাকে ঢাকা পাঠানো হয়েছে।

ঢাকার গুলশানে ইতালীয় নাগরিক চেজারে তাভেল্লা এবং রংপুরে জাপানি নাগরিক হোশি কুনিও গুলিতে নিহত হওয়ার দেড় মাসের মাথায় এ ঘটনা ঘটল।

এর আগে গত অক্টোবরে পাবনার ঈশ্বরদীতে একটি গির্জার ফাদারকে গলা কেটে হত্যার চেষ্টা হয়।

সংবাদ সম্মেলনে আসাদুজ্জামান রিপন বলেন, “সকালে আরও একজন বিদেশি নাগরিকের ওপর হামলা হয়েছে। পিয়েরো পারোলারি নামে ওই ইতালীয় নাগরিক দিনাজপুরে সন্ত্রাসীদের আক্রমণের শিকার হয়েছেন। এই ঘটনায় আমরা নিন্দা ও উদ্বেগ প্রকাশ করছি ।“

দুই বিদেশি হত্যার ঘটনায় মধ্যপ্রাচ্যভিত্তিক জঙ্গিগোষ্ঠী আইএস দায় স্বীকার করে বলে তথ্য দেয় একটি পর্যবেক্ষক ওয়েবসাইট।

তবে সরকার সরাসরি বিএনপি-জামায়াত জোটকে দায়ী করে বলেছে, যারা দেশকে অস্থিতিশীল করতে চায় এসব তাদেরই কাজ।

অন্যদিকে বিএনপি এ অভিযোগ অস্বীকার করে বলেছে, সরকার ব্যর্থতার দায় ঢাকতে তাদের ওপর দোষ চাপাচ্ছে।

বুধবার সংবাদ সম্মেলনে বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক রিপন বলেন, “ইতোমধ্যে ঢাকা ও রংপুরে দুইজন বিদেশি নাগরিক সন্ত্রাসীদের হামলায় নিহত হয়েছেন। এতে করে বিদেশে আমাদের ভাবমূর্তি অনেকাংশে ক্ষুণ্ন হয়েছে।

“আবার নতুন করে দিনাজপুরের ঘটনায় আমরা ভীষণভাবে উদ্বিগ্ন। আমরা আশা করব, সরকার প্রকৃত দোষীদের আইনের আওতায় এনে বিচার করবে। দেশের জনগণসহ বিদেশিদের নিরাপত্তায় বাস্তবসম্মত পদক্ষেপ নেবে।”

গত ২৮ সেপ্টেম্বর ঢাকার গুলশানে ইতালীয় এনজিওকর্মী চেজারে তাভেল্লা এবং ৩ অক্টোবর রংপুরে জাপানি নাগরিক কুনিও হোশি সন্ত্রাসীদের গুলিতে নিহত হন।