২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

প্যারিস হামলার ‘চুলচেরা বিশ্লেষণ’ দাবি সংসদে

ফ্রান্সের রাজধানীতে সন্ত্রাসী হামলায় শতাধিক মানুষের প্রাণহানির ঘটনা ইউরোপের ‘হিসাব পাল্টে দিয়েছে’ বলে মনে করছেন প্রবীণ রাজনীতিক মইন উদ্দীন খান বাদল।

সংসদ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Nov 2015, 08:34 PM

Updated : 12 Oct 2022, 04:28 PM

বাংলাদেশের জাতীয় সংসদেও এই ঘটনার ‘চুলচেরা বিশ্লেষণ’ হওয়া প্রয়োজন বলে মন্তব্য করেছেন জাসদের এই সংসদ সদস্য।

মঙ্গলবার সংসদে পয়েন্ট অব অর্ডারে বাদল বলেন, “দুইজন মারা গেলেই যারা এদেশে ভ্রমণের বিষয়ে এমবার্গো দেয় তারা আজ বুঝছে ‘হোয়াট ইজ হোয়াট’। পৃথিবীর অন্যতম দক্ষ ফ্রেঞ্চ পুলিশ যেটা আটকাতে পারল না সেটা নিয়ে আমাদের আলোচনা করা প্রয়োজন।”

গত শুক্রবার রাতে প্যারিসের কয়েকটি বার, একটি রেস্তোরাঁ ও একটি কনসার্ট হলসহ ছয়টি স্থানে একযোগে হামলা চালায় সন্ত্রাসীরা। তাদের গুলিবর্ষণ ও বোমার বিস্ফোরণে ৩২ জন নিহত হয়েছেন, আহত হয়েছেন আরও প্রায় সাড়ে তিনশজন।

Image
মইন উদ্দীন খান বাদল (ফাইল ছবি)

মইন উদ্দীন খান বাদল (ফাইল ছবি)

মইন উদ্দীন খান বাদল বলেন, “এ ঘটনা ইউরোপের হিসাব উল্টো-পাল্টা করে দিয়েছে। আমরাও এর থেকে দূরে নেই। এটা আমাদের চুলচেরা ব্যাখ্যা করা উচিত।”

বিষয়টি নিয়ে সংসদে আলোচনার দাবি জানিয়ে তিনি বলেন, “আমাদের রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রী বিবৃতি দিয়েছেন। কিন্তু সংসদের কথা আলাদা। সংসদে এটা নিয়ে আলোচনা হওয়া প্রয়োজন।”

সংসদে আলোচনার জন্য নোটিশ দিয়েছেন জানিয়ে স্পিকারকে সেটি গ্রহণ করার অনুরোধও জানান বাদল।

এর আগে স্বতন্ত্র সদস্য হাজী সেলিম দ্রুত রাজধানীর সীমানা নির্ধারণের দাবি জানান।

তিনি বলেন, “সংবিধানে রাজধানীর সীমানা নির্ধারণের নির্দেশনা থাকলেও আজ পর্যন্ত তা করা হয়নি। এর কারণে প্রকৃত সেবা দেওয়া যাচ্ছে না।”

এমপিওভুক্তির দাবিতে অনশনরত শিক্ষকদের জন্য দ্রুত সিদ্ধান্ত নিতে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ রুস্তম আলী ফরাজী।