২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পৌরসভায় কাউন্সিলর পদে নির্দলীয় ভোটের জন্য সংসদে বিল

পৌরসভায় শুধু মেয়র প্রার্থীদের দলীয় প্রতীকে নির্বাচনের সুযোগ রেখে আইনের সংশোধনের প্রস্তাব সংসদে উঠেছে।

সংসদ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Nov 2015, 08:25 PM

Updated : 22 Aug 2022, 01:55 PM

রোববার উত্থাপিত এই বিল পাস হলে কাউন্সিলর নির্বাচন আগের মতোই নির্দলীয়ভাবে হবে।

স্থানীয় নির্বাচন দলীয়ভাবে করার সিদ্ধান্তের প্রেক্ষাপটে পৌরসভা আইন সংশোধনের অধ্যাদেশ জারির পর দুই সপ্তাহের মধ্যে তাতে ফের সংশোধন আনতে যাচ্ছে সরকার।

স্থানীয় সরকারমন্ত্রী খন্দকার মোশাররফ হোসেন ‘স্থানীয় সরকার (পৌরসভা) (সংশোধন) আইন, ২০১৫’ সংসদে উপস্থাপন করেন।

পরীক্ষা করে সংসদে প্রতিবেদন দিতে তিন দিন সময় বেঁধে দিয়ে বিলটি স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটিতে পাঠানো হয়েছে।

Image
ফাইল ছবি

ফাইল ছবি

পৌরসভাসহ স্থানীয় সরকার কাঠামোর অন্যসব নির্বাচন দলীয়ভাবে করতে আইন সংশোধনের প্রস্তাব গত মাসে অনুমোদন করে মন্ত্রিসভা।

পৌরসভা নির্বাচন ডিসেম্বরে করতে হবে বলে এই সংক্রান্ত আইনটি দ্রুত কার্যকরে গত ২ নভেম্বর অধ্যাদেশ জারি করা হয়। সংবিধান অনুযায়ী তা সংসদে উপস্থাপনও হয় গত ৮ নভেম্বর।

এরপর নির্বাচন কমিশন বিধিমালা তৈরি করে অনুমোদনের জন্য আইন মন্ত্রণালয়ে পাঠায়। কিন্তু তা ফেরত না আসার মধ্যে খবর প্রকাশ হয়, আইনে ফের সংশোধন আনা হচ্ছে।  

অধ্যাদেশ রহিত করে রোববার সেই সংশোধনী প্রস্তাবই সংসদে উত্থাপন করেন স্থানীয় সরকারমন্ত্রী।

বিলে কাউন্সিলর পদে দলীয় প্রতীক ব্যবহারের সুযোগটি বাদ দিয়ে শুধু মেয়র পদে দলীয়ভাবে ভোটের সুযোগ রাখা হয়েছে।

পুরনো খবর:

পৌর নির্বাচন: কাউন্সিলর পদে ‘নির্দলীয়’ ভোটের চিন্তা
দলীয় প্রতীকে পৌরসভা নির্বাচনের অধ্যাদেশ জারি