২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আ. লীগ ক্ষমতায় থাকলে দলে গতি কমে: আশরাফ

আওয়ামী লীগ ক্ষমতায় থাকলে দলের সাংগঠনিক তৎপরতায় ভাটা পড়ে বলে মন্তব্য করেছেন দলটির সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলাম।

গোপালগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Nov 2015, 12:05 AM

Updated : 12 Oct 2022, 04:27 PM

দলে নতুন করে ‘জাগরণ’ সৃষ্টি করতেই সম্মেলন করা হয় বলেও মন্তব্য করেছেন তিনি।

বুধবার গোপালগঞ্জ জেলা আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলনে আশরাফ বলেন, “আওয়ামী লীগ যখন ক্ষমতার বাইরে থাকে তখন দল বেগবান হয়। আর যখন ক্ষমতায় থাকে তখন একটু গতি কমে যায়। তাই দলে নতুন করে জাগরণ সৃষ্টি করতে সম্মেলনের আয়োজন করা হয়। নতুন নেতা নির্বাচিত করা হয়।"

আওয়ামী লীগ পরিবারের সদস্য হয়ে গর্বিত বোধ করেন জানিয়ে তিনি বলেন, “আওয়ামী লীগ শুধু রাজনৈতিক দল নয়, আওয়ামী লীগ একটি অনুভূতি।”

সম্মেলনে উপস্থিত নেতাকর্মীদের ‘স্যালুট’ জানিয়ে সৈয়দ আশরাফ বলেন, “গোপালগঞ্জের মাটিতেই জন্ম নিয়েছিলেন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। তিনি আওয়ামী লীগ প্রতিষ্ঠা করেছেন। গোপালগঞ্জের মাটি পবিত্র, এ মাটি বীরের মাটি। আপনারা এ মাটিরই সন্তান।”

শেখ হাসিনার নেতৃত্বে বঙ্গবন্ধুর আদর্শকে সামনে রেখে বাংলাদেশ এগিয়ে যাবে বলে আশা প্রকাশ করেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক।

সম্মেলনের উদ্বোধন করে আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য শেখ ফজলুল করিম সেলিম বলেন, “দেশের মানুষের আস্থা হারিয়ে খালেদা জিয়া বিদেশে বসে ষড়যন্ত্র শুরু করেছেন। একাত্তরে আমাদের কিছুবিরোধী এজেন্ট ছিল, তাদের সঙ্গে যোগাযোগ করে খালেদা জিয়া যুদ্ধাপরাধীদের রক্ষায় ষড়যন্ত্র করছেন।”

একাত্তরে বঙ্গোপসাগর অভিমুখে যুক্তরাষ্ট্রের সপ্তম নৌবহরের যাত্রার কথা মনে করিয়ে দিয়ে শেখ সেলিম বলেন, “বাংলাদেশের মুক্তিকামী মানুষ তাদের প্রতিহত করেছিল। আওয়ামী লীগের সবচেয়ে বড় শক্তি জনগণ।

“বাংলাদেশের জনগণকে সঙ্গে নিয়ে শেখ হাসিনা যুদ্ধাপরাধী, ঘাতক, জঙ্গি খালেদা জিয়ার ষড়যন্ত্র মোকাবেলা করবেন।"

কথিত সুশীল সমাজের সমালোচনা করে সেলিম বলেন, “তারা এনজিও করে টাকা আতœসাৎ করেন। তারা দেশের মানুষের জন্য কোনো কাজ করেন না। খালেদা জিয়া যখন নাশকতা করে মানুষ হত্যা করেছেন, তখন তারা কোনো কথা বলেননি। এখন সাংলাপ ও জাতীয় ঐক্যের কথা বলছেন।"

বিশেষ অতিথির বক্তব্যে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব-উল আলম হানিফ বলেন, “খালেদা জিয়া শীর্ষ যুদ্ধাপরাধীদের রক্ষায় নতুন করে ষড়যন্ত্র শুরু করেছেন। তিনি গুপ্ত হত্যা ও অতর্কিতে হামলা চালিয়ে বিদেণি নাগরিক, পুলিশ হত্যা করছেন।"

গোপালগঞ্জ জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি রাজা মিয়া বাটুর সভাপতিত্বে অনুষ্ঠিত সম্মেলনে অন্যদের মধ্যে আওয়ামী লীগ উপদেষ্টামণ্ডলীর সদস্য কাজী আকরাম উদ্দিন আহ্মদ,  যুগ্ম সাধারণ সম্পাদক জাহাঙ্গীর কবির নানক, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক কর্নেল (অব.) ফারুক খান, কৃষি ও সমবায় বিষয়ক সম্পাদক মো. আব্দুর রাজ্জাক, সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেন, বিএম মোজ্জাম্মেল হক, ধর্ম বিষয়ক সম্পাদক শেখ মোহাম্মদ আব্দুল্লাহ, শ্রম ও জনশক্তি বিষয়ক সম্পাদক হাবিবুর রহমান সিরাজ, কেন্দ্রীয় কমিটির সদস্য আব্দুর রহমান, এ কে এম এনামুল হক শামীম, এস এম কামাল হোসেন, সেচ্ছাসেবক লীগের কেন্দ্রীয় কমিটির সভাপতি মোল্লা আবু কাওছার, উম্মে রাজিয়া কাজল, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক চৌধুরী এমদাদুল হক বক্তব্য রাখেন।