২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপনে যুবলীগ

ক্ষমতাসীন আওয়ামী লীগের সহযোগী সংগঠন আওয়ামী যুবলীগের ৪৩তম প্রতিষ্ঠা বার্ষিকী বুধবার।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Nov 2015, 12:58 AM

Updated : 25 Apr 2022, 02:08 PM

নানা কর্মসূচিতে দিনটি উদযাপনের কর্মসূচি হাতে নিয়েছে সংগঠনটি।

এ উপলক্ষে যুবলীগ নেতারা বুধবার সকাল ৮টায় ধানমন্ডি বঙ্গবন্ধু জাদুঘরের সামনে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে ফুল দেবেন। সকাল সাড়ে ৮টায় বনানী কবরস্থানে ফুল দেবেন সংগঠনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান শেখ ফজলুল হক মণির কবরে।

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নির্দেশে মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক শেখ মণির নেতৃত্বে ১৯৭২ সালের ১১ নভেম্বর ঢাকা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে এক যুব কনভেনশনে প্রতিষ্ঠিত হয় আওয়ামী যুবলীগ।

দিবসটি উপলক্ষে যুবলীগ চেয়ারম্যান ওমর ফারুক চৌধুরী এক বিবৃতিতে বলেন, “প্রতিষ্ঠালগ্ন থেকে দেশ পুনর্গঠনসহ ইতিহাস অর্পিত সকল দায়িত্ব অত্যন্ত নিষ্ঠা ও সততার সাথে পালন করে আসছে যুবলীগ।”

বাংলাদেশের যুবশক্তিকে যুগোপযোগী এবং শেখ হাসিনার ‘ভিশন ২০৪১’ সফল করার শক্তি হিসাবে গড়ে তুলতে যুবলীগের বর্তমান নেতৃত্ব মেধা ও মননের চর্চা অব্যাহত রেখেছে বলেও দাবি করেন তিনি।

সাধারণ সম্পাদক হারুন-অর-রশিদ আলাদা বিবৃতিতে বলেন, “আমরা বিশ্বাস করি, শেখ হাসিনার ডিজিটাল বাংলাদেশ আমাদের সোনালী ভবিষ্যৎ। তাই, তার নেতৃত্বে উন্নয়ন ও গণতন্ত্রের অভিযাত্রায় অতীতের গৌরবময় ভূমিকার মতোই দায়িত্বশীল ভূমিকা পালনে যুবলীগ প্রতিশ্রুতিবদ্ধ।”