জাপাকে মন্ত্রিসভা ছাড়ার আহ্বান এমপি তাহজীবের
মন্ত্রিত্ব ও প্রধানমন্ত্রীর বিশেষ দূতের পদ ছেড়ে বিরোধী দলের প্রকৃত ভূমিকায় আসতে জাতীয় পার্টির প্রতি আহ্বান জানিয়েছেন স্বতন্ত্র সংসদ সদস্য তাহজীব আলম সিদ্দিকী।
টিআইবির প্রতিবেদনে বিরোধী দলের ভূমিকার মূল্যায়ন নিয়ে কথা বলতে মঙ্গলবার সংসদে পয়েন্ট অব অর্ডারে দাঁড়িয়ে বিরোধীদলীয় নেতা রওশন এরশাদকে উদ্দেশ করে এই আহ্বান জানান তিনি।
জাতীয় পার্টির নেত্রী রওশন এসময় অধিবেশন কক্ষে ছিলেন না। প্রধানমন্ত্রী ও সংসদ নেতা শেখ হাসিনা ছিলেন অধিবেশন কক্ষে।
ঝিনাইদহ-২ আসনের সংসদ সদস্য তাহজীব আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য, ছাত্রলীগের সাবেক সভাপতি নুরে আলম সিদ্দিকীর ছেলে।
টিআইবির সাম্প্রতিক এক প্রতিবেদনে সংসদে ‘কার্যকর বিরোধী দলের’ অনুপস্থিতির কথা তুলে ধরা হয়। ওই প্রতিবেদন প্রকাশ অনুষ্ঠানে সংস্থার নির্বাহী পরিচালক ইফতেখারুজ্জামান সংসদকে ‘পুতুল নাচের রঙ্গশালা’ বলেন।
তার ওই মন্তব্য নিয়ে সোমবার সংসদে সমালোচনার ঝড় বয়ে যায়। একদিন বাদে তাহজীবও একই প্রসঙ্গ তোলেন।
তিনি বলেন, “গতকাল (সোমবার) বিরোধীদলীয় নেতা টিআইবির বক্তব্য নিয়ে কিছু কথা সংসদে বলছেন। আমি তার তার বক্তব্যের অনেকাংশ সমর্থন করি।”
“টিআইবি বিরোধী দলকে তথাকথিত বিরোধী দল বলেছে। আমি বলতে চাই, মাননীয় বিরোধীদলীয় নেতা যদি তার দলের মন্ত্রীর মর্যাদায় প্রধানমন্ত্রীর বিশেষ দূত ও তিনজন মন্ত্রী-প্রতিমন্ত্রীর পদ ছেড়ে কথা বলতেন, তাহলে ভালো হত। আমরা তখন তথাকথিত টিআইবি বলতে পারতাম।”
জাতীয় পার্টির চেয়ারম্যান এইচ এম এরশাদ মন্ত্রী মর্যাদায় প্রধানমন্ত্রীর বিশেষ দূতের দায়িত্বে রয়েছেন। এছাড়া দলটির নেতা আনিসুল ইসলাম মাহমুদ মন্ত্রী এবং মুজিবুল হক চুন্নু ও মশিউর রহমান রাঙ্গা প্রতিমন্ত্রীর দায়িত্বে রয়েছেন।
টিআইবি সংসদের খণ্ডিত চিত্র নিয়ে মন্তব্য করেছে মন্তব্য করে তাহজীব বলেন, “এই সংসদে আমরা ১৬ জন স্বতন্ত্র সদস্য আছি। আমরা সংসদের সব কাজে অংশ নিচ্ছি।”
