২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জামিন পেলেও নতুন মামলায় গ্রেপ্তার গাজীপুরের মান্নান

আগের সব মামলায় হাই কোর্ট থেকে জামিন পেলেও গাজীপুরের বিএনপিনেতা ও সিটি করপোরেশনের বরখাস্তকৃত মেয়র এম এ মান্নানকে নতুন মামলায় গ্রেপ্তারের আদেশ দিয়েছে বিচারিক আদালত।

গাজীপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Nov 2015, 07:20 PM

Updated : 22 Aug 2022, 01:50 PM

জয়দেবপুর থানার নাশকতার এক মামলায় সোমবার গাজীপুরের জ্যেষ্ঠ বিচারিক হাকিম বেগম মনোয়ারা বেগম তাকে গ্রেপ্তার দেখানোর আদেশ দেন।

আদালত পুলিশের পরিদর্শক মো. রবিউল ইসলাম জানান, চলতি বছর বিএনপি-জামায়াতের অবরোধের সময় ১৩ জানুয়ারি রাতে শহরের মোগরখাল পানির ট্যাংক এলাকায় ঢাকা বাইপাস সড়কে একটি কাভার্ড ভ্যানে অগ্নিসংযোগ করা।

ওই ঘটনায় এএসআই আব্দুস সালাম বাদি হয়ে জয়দেবপুর থানায় সিটি করপোরেশনের ছয় কাউন্সিলরসহ বিএনপি-জামায়াতের ৭৪  নেতা-কর্মীর নাম উল্লেখসহ অজ্ঞাত আরো ২০/২৫ জনের বিরুদ্ধে মামলা করেন।

রবিউল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “ওই ঘটনায় এম এ মান্নানের বিরুদ্ধে ইন্ধন, প্রত্যক্ষ ও পরোক্ষ প্ররোচনার অভিযোগ এনে তদন্ত কর্মকর্তা এসআই মোবারক হোসেন তাকে গ্রেপ্তারের জন্য রোববার আদালতের কাছে আবেদন জানান।”

মান্নানের আইনজীবী মঞ্জুর মোর্শেদ প্রিন্স বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, উচ্চ আদালতে সবকটি মামলায় জামিন পাওয়ার পরও অন্যায়ভাবে তাকে আরো একটি নাশকতার মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে।

রোববার টঙ্গী ও কালিয়াকৈর থানার নাশকতার দুই মামলায় মান্নানকে অন্তর্বর্তীকালীন জামিন দেয় হাই কোর্ট।

জামিনের পর আইনজীবী কে এম মাসুদ রানা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেছিলেন, “তার বিরুদ্ধে থাকা মোট ১৭টি মামলার মধ্যে ১৫টি মামলায় তিনি এর আগে জামিন পান। বাকি দুটি মামলায়ও জামিন পাওয়ায় তার কারামুক্তিতে আইনগত কোনো বাধা নেই।”

গাজীপুরে যাত্রীবাহীবাসে পেট্রল বোমা হামলার মামলায় গত ১১ ফেব্রুয়ারি সন্ধ্যায় মেয়র মান্নানকে ঢাকার বারিধারার বাসভবন থেকে গ্রেপ্তারের পর থেকে তিনি কারাগারেই রয়েছেন।

গত ৮ মার্চ সিটি করপোরেশনের অন্যতম প্যানেল মেয়র আসাদুর রহমান কিরণ ভারপ্রাপ্ত মেয়রের দায়িত্ব নেন।

এর পর জয়দেবপুর থানার একটি ফৌজদারি মামলায় তার বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দেওয়া হলে ১৯ অগাস্ট স্থানীয় সরকার মন্ত্রণালয় তাকে সাময়িক বরখাস্ত করে।