২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মহসিন আলীর আসনে স্ত্রী হচ্ছেন আওয়ামী লীগের প্রার্থী

সমাজকল্যাণমন্ত্রী সৈয়দ মহসিন আলীর মৃত্যুতে শূন্য মৌলভীবাজার-৩ আসনে আওয়ামী লীগের প্রার্থী হচ্ছেন তার স্ত্রী সায়েরা মহসিন।

জ্যেষ্ঠ প্রতিবেদক

ও সংসদ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Nov 2015, 11:03 PM

Updated : 22 Aug 2022, 01:49 PM

রোববার রাতে প্রধানমন্ত্রীর সরকারি বাড়ি গণভবনে আওয়ামী লীগের পার্লামেন্টারি বোর্ডের সভায় এই সিদ্ধান্ত হয় বলে দলের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

আওয়ামী লীগ নেতা মহসিন আলী গত ১৪ সেপ্টেম্বর সিঙ্গাপুরে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। আগামী ৮ ডিসেম্বর সেখানে উপ-নির্বাচন হবে।

গত ২৯ অক্টোবর মৌলভীবাজার-৩ আসনের তফসিল ঘোষণা করে ইসি। প্রতিদ্বন্দ্বিতায় আগ্রহীরা ১১ নভেম্বর পর্যন্ত রিটার্নিং কর্মকর্তার কাছে মনোনয়নপত্র দাখিল করতে পারবেন। ১৪ নভেম্বর বাছাই শেষে ২২ নভেম্বর পর্যন্ত মনোনয়নপত্র প্রত্যাহার করা যাবে। 

সিলেটের আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা এজাহারুল হককে এ উপ নির্বাচনের রিটার্নিং অফিসার এবং মৌলভীবাজার জেলা ও রাজনগর উপজেলা নির্বাচন কর্মকর্তাকে সহকারী রিটার্নিং কর্মকর্তা নিয়োগ করেছে ইসি।

Image
সৈয়দ মহসিন আলী (ফাইল ছবি)

সৈয়দ মহসিন আলী (ফাইল ছবি)

১৯৪৮ সালের ১২ ডিসেম্বর মৌলভীবাজারে জন্ম নেওয়া সৈয়দ মহসিন আলী রাজনীতিতে আসেন ছাত্রলীগের মাধ্যমে। একাত্তরে সিলেট বিভাগ সিএনসি স্পেশাল ব্যাচের কমান্ডার হিসেবে তিনি সম্মুখযুদ্ধে নেতৃত্ব দেন।

১৯৯৮ থেকে ২০০৫ সাল পর্যন্ত মৌলভীবাজার জেলা আওয়ামী লীগের সভাপতির দায়িত্ব পালন করেন মহসিন। মৌলভীবাজার পৌরসভার চেয়ারম্যান নির্বাচিত হন তিনবার। সেক্টরস কমান্ডার ফোরামের কেন্দ্রীয় কমিটিরও সদস্য ছিলেন তিনি।

সংসদে শোক প্রস্তাব

সমাজকল্যাণমন্ত্রী সৈয়দ মহসিন আলীর মৃত্যুতে শোক প্রস্তাব গ্রহণ করেছে জাতীয় সংসদ।

রোববার অধিবেশনের শুরুতে শোক প্রস্তাব উত্থাপন করেন স্পিকার শিরীন শারমিন চৌধুরী। আলোচনা শেষে তা সর্বসম্মতভাবে গৃহীত হয়। মহসিন আলীসহ প্রয়াতদের স্মৃতির উদ্দেশে এক মিনিট নীরবতা পালন ও মোনাজাতও হয়।

আলোচনায় অংশ নিয়ে সংসদ নেতা শেখ হাসিনা বলেন, “আমরা এমন একজন রাজনীতিবিদকে হারিয়েছি, যিনি শুধু রাজনীতিবিদই ছিলেন না, একজন সমাজসেবকও ছিলেন। একজন সংস্কৃতিমনা ব্যক্তি ছিলেন।”

Image
সৈয়দ মহসিন আলীর মৃত্যুতে সংসদে শোক জানিয়ে নীরবতা পালন

সৈয়দ মহসিন আলীর মৃত্যুতে সংসদে শোক জানিয়ে নীরবতা পালন

মহসিন আলী জনগণের জন্য অনেক কিছু করে গেছেন মন্তব্য করে তিনি বলেন, “আমি উনাকে সমাজকল্যাণ মন্ত্রণালয়ের দায়িত্ব দিয়ে মনে করেছিলামম, আমি যোগ্য লোককে দায়িত্ব দিয়েছিলাম। আমি তাকে যে দায়িত্ব দিয়েছিলাম তা তিনি মন্ত্রণালয়ের মাধ্যমে করতে পারতেন।”

তৃণমূল থেকে মহসিন আলীর উঠে আসার কথাও উল্লেখ করেন আওঢয়মী লীগ সভানেত্রী।

“অনেকে তার আচরণে বিরক্তি প্রকাশ করেছেন। আমার কাছে নালিশও করেছেন। তাকে মন্ত্রিসভায় রাখা যাবে কি না সেরকম প্রশ্নও তুলেছিলেন। কিন্তু আমি তাকে ভালোভাবেই চিনতাম।”

সংসদে শেষ বক্তৃতায় মহসিন আলীর গান গাওয়ার কথা উল্লেখ করে সংসদ নেতা বলেন, “তার বিরুদ্ধে বিরূপ সমালোচনার চেষ্টা করা হয়েছিল। কিন্তু তিনি ছিলেন সাদা মনের মানুষ, খোলা মনের মানুষ। উদার মনের মানুষ।”