বিএনপি নেতাদের বন্দি রেখে ভোট হবে প্রহসন: এমাজউদ্দীন
বিএনপি নেতাদের বন্দি রেখে বাংলাদেশে কোনো নির্বাচন গ্রহণযোগ্য হবে না বলে মন্তব্য করেছেন অধ্যাপক এমাজউদ্দীন আহমদ।
পৌরসভা নির্বাচনের তোড়জোড়ের মধ্যে বৃহস্পতিবার জাতীয় প্রেস ক্লাবে এক আলোচনা সভায় এই মন্তব্য করেন বিএনপি চেয়ারপারসনের অন্যতম এই পরামর্শক।
অধ্যাপক এমাজউদ্দীন বলেন, “একদিকে সরকার বিরোধী দলের নেতাকর্মীদের গ্রেপ্তার করছে। নির্বাচন কমিশন আবার নির্বাচনের কথাও বলছে। নির্বাচন সম্পর্কে এ দলের (বিএনপির) চিন্তা-ভাবনা আমি ভালো করে জানি। দীর্ঘদিনের অভিজ্ঞতায় বলতে পারি, নির্বাচনকে এ দল ভয় পায় না।
“কিন্তু যতক্ষণ কারাবন্দি নেতারা মুক্তি না পাচ্ছেন, তাদের মুক্ত করা না হচ্ছে, তাদের মুক্ত না করে নির্বাচন হবে একটি প্রহসনমূলক নির্বাচন- যা কিছুতেই গ্রহণযোগ্য হতে পারে না।”
৫ জানুয়ারির নির্বাচন বর্জনের পর নির্দলীয় সরকারের অধীনে মধ্যবর্তী নির্বাচনের দাবি জানিয়ে এলেও স্থানীয় নির্বাচনে অংশ নিচ্ছে বিএনপি, তবে বর্তমান নির্বাচন কমিশনের উপর তাদের আস্থা নেই।
রাষ্ট্রবিজ্ঞানের অধ্যাপক এমাজউদ্দীন বলেন, “নির্বাচন কমিশন সরকার না, সরকারের সৃষ্টি এবং তার নির্দিষ্ট কর্মসূচি থাকবে। ওই কর্মসূচি পালন করতে গেলে যতক্ষণ পর্যন্ত সঠিকভাবে নির্বাচন সম্পন্ন না হয়, ততক্ষণ পর্যন্ত নির্বাচন দেওয়া ঠিক নয়।
“ইচ্ছে হলেই নির্বাচন দিয়ে ফেললাম বা হুকুম করা হলো, হুকুম তামিল করলাম- এ রকম নির্বাচন কমিশন প্রয়োজন নেই।”
গত দুই দিনে বিএনপির শীর্ষ পর্যায়ের দুই নেতা মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও গয়েশ্বর চন্দ্র রায়ের কারাবন্দি হওয়ার বিষয়টি স্বাধীনতা ফোরামের ওই আলোচনা সভায় আসে। বিএনপির আরও অনেক নেতাও কারাগারে রয়েছেন।
‘বিনা কারণে’ গ্রেপ্তারের অভিযোগ তুলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য এমাজউদ্দীন বলেন, “যাকে খুশি তাকে গ্রেপ্তার করছে। দুই-তিন বছর আগেও এমন অবস্থা ছিল না। এই প্রবণতা ১৯৭৪-৭৫ এ দেখেছি, আর এখন দেখছি।”
বিরোধী জোটের প্রায় ৫ লাখ নেতা-কর্মীদের বিরুদ্ধে প্রায় ১৯ হাজার মামলা আওয়ামী লীগ নেতৃত্বাধীন সরকার করেছে বলে একটি হিসাব তুলে ধরেন তিনি।
“ভাবা যায় না, হিসাব করাও যায় না। কোনো সভ্য দেশে এমন হয় না।”
‘সঙ্কট, ঐক্য চাই আ. লীগকে নিয়েই’
‘ভোটারবিহীন’ নির্বাচনের পর বিদেশি, পুলিশ ও প্রকাশক খুনের প্রেক্ষাপটে বাংলাদেশের বর্তমান পরিস্থিতিকে সঙ্কটময় বলে দাবি করেন বিএনপির ভাইস চেয়ারম্যান আবদুল্লাহ আল নোমান।
‘৭ নভেম্বর বিপ্লব ও সংহতি দিবস’ উপলক্ষে স্বাধীনতা ফোরামের এই আলোচনা সভায় বক্তব্যে তিনি পরিস্থিতি থেকে উত্তরণে সবাইকে একজোট হওয়ার আহ্বান জানান।
স্বাধীনতা ফোরামের আলোচনা সভায় বক্তব্য রাখছেন বিএনপি নেতা আবদুল্লাহ আল নোমান
নোমান বলেন, “এ পরিস্থিতিতে জাতির সামাজিক শক্তিগুলোর নৈকট্য প্রয়োজন। জাতিকে ঐক্যবদ্ধ হতে হবে। তবে সেটা আওয়ামী লীগকে বিচ্ছিন্ন করে নয়।
“গণতন্ত্র প্রতিষ্ঠার আন্দোলন কোনো দলের স্বার্থে নয়, পুরো জাতির স্বার্থে। সবাই মিলে গণতন্ত্র প্রতিষ্ঠা না করলে অরাজকতা বাড়বে।”
নিহত প্রকাশক ফয়সাল আরেফিন দীপনের বাবা এবং নিহত লেখক অভিজিৎ রায়ের স্ত্রীর ‘বিচার চাই না’ বক্তব্য উদ্ধৃত করে বিএনপি নেতা বলেন, “সরকার ও বিচার ব্যবস্থার প্রতি মানুষের চরম অনাস্থা তৈরি হয়েছে।”
অনুষ্ঠানে বক্তব্যে বিএনপির ভাইস চেয়ারম্যান সেলিমা রহমান বর্তমান আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে উদ্বেগ জানিয়ে ‘গৃহযুদ্ধের’ শঙ্কা প্রকাশ করেন।
“একের পর এক নিরীহ মানুষকে হত্যা করা হচ্ছে। বিচার ব্যবস্থার উপরে মানুষের কোনো আস্থা নেই। রাষ্ট্র পুলিশি রাষ্ট্রে পরিণত হয়েছে। ছোট ছোট ছেলেদের হাতে হাতে অস্ত্র, এসব অস্ত্র কোথা থেকে আসছে? এ পরিস্থিতি চললে দেশে গৃহযুদ্ধ হবে।”
বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা শামসুজ্জামান দুদু বলেন, “দেশকে বাঁচাতে সংবিধানের পঞ্চম সংশোধনী ফিরিয়ে আনতে হবে। আমরা তত্ত্বাবধায়ক চাচ্ছি, যেন নির্বাচন নির্বাচনের মতোই হয়।”
‘স্বাভাবিক পথ’ খোলা না থাকলে ‘অস্বাভাবিক পথ’ সামনে আসবে- সরকারকে সতর্ক করে তিনি বলেন, “আমরা অস্বাভাবিক পথ চাই না, সেটা কারও জন্যই মঙ্গলজনক হবে না।”
