আদালতে আত্মসমর্পণের পর গয়েশ্বর কারাগারে
নাশকতার মামলায় আদালতে আত্মসমর্পণের পর বিএনপি নেতা গয়েশ্বর চন্দ্র রায়কে কারাগারে পাঠিয়েছেন বিচারক।
বিএনপির স্থায়ী কমিটির এই সদস্য বুধবার ঢাকা মহানগর আদালতে আত্মসমর্পণ করেছিলেন।
আগের দিন আত্মসমর্পণের পর আরেকটি আদালত কারাগারে পাঠিয়েছিল দলটির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে।
২০১৩ সালের ডিসেম্বরে খালেদা জিয়ার ডাকা ‘রোড মার্চ ফর ডেমোক্রেসি’র সময় ঢাকার রামপুরা এলাকায় হাতবোমা বিস্ফোরণে একজন নিহত হওয়ার মামলায় গয়েশ্বর আসামি।
একই ঘটনায় বিস্ফোরক আইনে এবং হত্যার অভিযোগে দুটি মামলা হয়।
বিস্ফোক আইনের মামলায় জামিনের আবেদন নিয়ে ঢাকা মহানগর ১ নম্বর বিশেষ ট্রাইব্যুনাল জজ কামরুল হোসেন মোল্লার আদালতে আত্মসমর্পণ করেন গয়েশ্বর।
বিচারক জামিনের আবেদন নাকচ করে বিএনপি নেতাকে কারাগারে পাঠানোর আদেশ দেন বলে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানিয়েছেন আদালতে রাষ্ট্রপক্ষের অন্যতম কৌঁসুলি তাপস চন্দ্র পাল।
এই মামলায় পুলিশের অভিযোগপত্র গ্রহণ করে ৪৯ আসামির মধ্যে গয়েশ্বরসহ ৩৫ জনের বিরুদ্ধে মঙ্গলবার গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছিল এই আদালত।
গয়েশ্বর ছাড়া যাদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি হয়, তার মধ্যে রয়েছেন বিএনপি নেতা সাদেক হোসেন খোকা, সালাউদ্দিন আহমদ, হাবিবুর রহমান হাবিব।
মামলার অভিযোগপত্রে বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, যুগ্ম মহাসচিব আমানউল্লাহ আমানের নামও আসামির তালিকায় রয়েছে।
২০১৩ সালের ২৯ ডিসেম্বর ‘মার্চ ফর ডেমোক্রেসি’ কর্মসূচির সময় মালিবাগ চৌধুরী পাড়ায় হাতবোমা বিস্ফোরণ, গাড়ি ভাংচুর ও অগ্নিসংযোগ হয়। সেদিন মানসুর প্রধানিয়া নামে একজন মারা যান।
পরদিন রামপুরা থানার এসআই আল মামুন বাদী হয়ে থানায় মামলা করেন। চলতি বছরের ২০ মার্চ এসআই মো. মামুনুর রশিদ ৪৯ জনের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করেন।
অভিযোগপত্রে গয়েশ্বরসহ ১৪ জনকে পলাতক দেখিয়ে গ্রেপ্তারি পরোয়ানা জারির আবেদন করেন তদন্ত কর্মকর্তা মামুন।
