২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

হান্নান শাহ’র পাটকল দুর্নীতি মামলা আপিলেও বাতিল

বিএনপির স্থায়ী কমিটির সদস্য আ স ম হান্নান শাহ’র বিরুদ্ধে সাবেক দুর্নীতি দমন ব্যুরোর করা একটি মামলা বাতিল করে হাই কোর্টের দেওয়া রায় বহাল রেখেছে আপিল বিভাগ।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Nov 2015, 07:00 PM

Updated : 22 Aug 2022, 01:43 PM

রোববার প্রধান বিচারপতি এস কে সিনহার নেতৃত্বাধীন চার সদস্যের আপিল বেঞ্চ হাই কোর্টের রায়ের বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশনের করা লিভ টু আপিল খারিজ করে দেয়।

এ আদেশের ফলে ওই মামলায় হান্নান শাহকে অব্যাহতি দিয়ে হাই কোর্টের রায়ই বহাল থাকল বলে তার আইনজীবীরা জানান।

আদালতে হান্নান শাহ এর পক্ষে শুনানি করেন জ্যেষ্ঠ আইনজীবী এ জে মোহাম্মদ আলী। দুদকের পক্ষে ছিলেন সরওয়ার আহমেদ।

আইনজীবী সরওয়ার পরে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “এ রায়ে রিভিউ চাওয়ার মত উপাদান রয়েছে বলে আমি মনে করি। দুর্নীতি দমন কমিশনে আলোচনা সাপেক্ষে এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।”

১৯৯৭ সালের ১৯ ফেব্রুয়ারি তৎকালীন দুর্নীতি দমন ব্যুরোর কর্মকর্তা এ কে এম ফিরোজ মিয়া রমনা থানায় হান্নান শাহসহ দুইজনের বিরুদ্ধে এই মামলা করেন। মামলার অপর আসামি হলেন- ইলেক্ট্রা ইন্টারন্যাশনাল নামের একটি প্রতিষ্ঠানের মালিক ইশতিয়াক আহমেদ।

মামলার নথি থেকে জানা যায়, বিএনপি আমলে হান্নান শাহ পাটমন্ত্রী থাকাকালে ইশতিয়াক আহমেদের সঙ্গে যোগসাজশে ময়মনসিংহ শহরে বিলুপ্ত বাংলাদেশ জুট করপোরেশনসের জগরাজ পান্নালাল নামের একটি কোম্পানির প্রায় ১ কোটি টাকার সম্পত্তি ৩৩ লাখ ৯৯ হাজার ৫৫০ টাকায় বিক্রির ব্যবস্থা করেন।

এর মধ্য দিয়ে সরকারের আর্থিক ক্ষতি সাধনের অভিযোগ আনা হয় এ দুই জনের বিরুদ্ধে।

এ মামলার অভিযোগপত্র দাখিল হয় ১৯৯৭ সালের ৯ সেপ্টেম্বর। ১৯৯৯ সালের ১৬ ফেব্রুয়ারি অভিযোগ গঠন করা হয়।

এরপর মামলা বাতিল চেয়ে হাই কোর্টে আবেদন করেন হান্নান শাহ। প্রাথমিক শুনানি নিয়ে হাই কোর্ট রুল জারির পাশাপাশি মামলার কার্যক্রম স্থগিত করে দেয়।

রুলের উপর চূড়ান্ত শুনানি শেষে ২০১২ সালের ২০ জুন হাই কোর্ট মামলা বাতিল করে রায় দেয়।

ওই রায়ের বিরুদ্ধে একই বছর লিভ টু আপিল করে দুদক। ওই আবেদনের শুনানি শেষে রোববার আপিল বিভাগ হাই কোর্টের রায়ই বহাল রাখল।