শুধু খালেদাকে কটূক্তি করে নেতা থাকা যাবে না: যুবলীগ চেয়ারম্যান
যুবলীগের নেতৃত্বে আসার ক্ষেত্রে মেধা-মননশীলতার উপর জোর দিয়েছেন সরকার সমর্থক সংগঠনটির চেয়ারম্যান ওমর ফারুক চৌধুরী।
তিনি বলেছেন, “যুবলীগের কর্মী হিসেবে আমাদের কাজ হল জনমত তৈরি করা, জনগণের সঙ্গে থাকা। শুধু খালেদা জিয়ার সমালোচনায় সীমাবদ্ধ থাকলে সে কাজ অগ্রসর হবে না।
বৃহস্পতিবার চট্টগ্রাম মহানগর যুবলীগ আয়োজিত ‘বিশ্বসভায় শেখ হাসিনার অর্জনের উপর তিন দিনব্যাপী সংবাদচিত্র প্রদর্শনীর’ দ্বিতীয় দিনে প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন ওমর ফারুক।
নানা কারণে সমালোচিত সংগঠনের নেতা-কর্মীদের পড়াশোনার পরামর্শ দিয়ে তিনি বলেন, “আপনিযত বেশি বইপুস্তক পড়বেন, আলোচনা করতে পারবেন, পত্র-পত্রিকায় সমালোচনা সহ্য করতে পারবেন, তত বেশি আপনি নেতা হিসেবে লাভবান হবেন।
“আগের মতো মিছিলে-মিটিংয়ে গলা ফাটিয়ে স্লোগান দিয়ে গায়ের ঘাম ফেলে এখন আর নেতা হওয়া যাবে না।”
আন্দোলনহীন সংগঠনকে ‘বিনোদন ক্লাব’ আখ্যা দিয়ে যুবলীগের এই শীর্ষ নেতা বলেন, “আন্দোলন না থাকলে সংগঠনে কথা কাটাকাটি, দলাদলি বেড়ে যায়।”
নেতা-কর্মীদের সাহসী ভূমিকায় দেখতে চাইলে সংগঠনে নিয়মিত নানা কর্মসূচি রাখার আহবানও জানান তিনি।
চট্টগ্রাম মহানগর যুবলীগের আহবায়ক মহিউদ্দিন বাচ্চুর সভাপতিত্বে অনুষ্ঠানে যুবলীগের কেন্দ্রীয় প্রেসিডিয়াম সদস্য আলতাফ হোসেন চৌধুরী বাচ্চু, সৈয়দ মাহমুদ হক,স্থানীয় পত্রিকা দৈনিক আজাদীর বার্তা সম্পাদক জহুরুল ইসলাম,চ্যানেল আই চট্টগ্রাম ব্যুরো প্রধান চৌধুরী ফরিদ, একাত্তর টিভি’র চট্টগ্রাম ব্যুরো প্রধান মাইনুদ্দিন দুলাল ও স্থানীয় পত্রিকা দৈনিক আজাদীর বার্তা সম্পাদক জহুরুল ইসলাম উপস্থিত ছিলেন।
