স্থানীয় নির্বাচনে যাচ্ছে সিপিবি
বিএনপিবিহীন দশম সংসদ নির্বাচন বর্জনকারী সিপিবি দলভিত্তিক আসন্ন স্থানীয় সরকার নির্বাচনে ‘কাস্তে’ প্রতীকে নির্বাচন করবে।
বৃহস্পতিবার এক বিবৃতিতে বাম দলটির সভাপতি মুজাহিদুল ইসলাম সেলিম ও সাধারণ সম্পাদক আবু জাফর আহমেদ এই ঘোষণা দেন।
“বিভিন্ন পৌরসভা ও ইউনিয়ন পরিষদ নির্বাচনে সিপিবির প্রার্থীরা কাস্তে প্রতীক নিয়ে নির্বাচন করবেন।”
বাংলাদেশে এবারই প্রথম দলীয় প্রতীকে স্থানীয় নির্বাচন হতে যাচ্ছে। এলক্ষ্যে আইন সংশোধনের প্রস্তাব ইতোমধ্যে মন্ত্রিসভায় অনুমোদন পেয়েছে।
চলতি বছর ডিসেম্বরে পৌরসভা নির্বাচন এবং আগামী বছরের শুরুতে ইউনিয়ন পরিষদ নির্বাচন অনুষ্ঠানের কথা রয়েছে।
ভোটে অংশ নেওয়ার ঘোষণা দিলেও বর্তমান নির্বাচন ব্যবস্থার সমালোচনাও করছেন সিপিবি নেতারা।
বিবৃতিতে বলা হয়, “দেশের নির্বাচন ব্যবস্থাকে জিয়া ও এরশাদের শাসনকালের মতো এক ধরনের প্রহসনে পরিণত করা হয়েছে। টাকার খেলা, পেশিশক্তি ও হোন্ডা-গুণ্ডার দাপট, প্রশাসনিক কারসাজি ও সাম্প্রদায়িক ধূম্রজাল অবাধ নিরপেক্ষ নির্বাচনের প্রধান অন্তরায়।”
নির্বাচনে অংশ নেওয়ার পাশাপাশি বিদ্যমান নির্বাচনী ব্যবস্থা সংস্কারে জনমত গঠনের জন্য ব্যাপক প্রচারণার পরিকল্পনা করছে সিপিবি।
পাশাপাশি স্থানীয় সরকার ইউনিটগুলোকে শক্তিশালী করা, সৃজনশীল স্থানীয় উন্নয়ন কর্মকাণ্ড এবং জনগণকে মুক্তিযুদ্ধের চেতনার ধারায় সচেতন ও শিক্ষিত করে তোলাও দলের প্রার্থীদের কর্তব্য হিসেবে নির্দিষ্ট করেছে দলটি।
“এসব কর্তব্যকে সামনে রেখে অনুষ্ঠিতব্য আসন্ন পৌরসভা ও ইউনিয়ন পরিষদ নির্বাচনে সিপিবির প্রার্থীরা প্রতিদ্বন্দ্বিতা করবেন,” বলা হয় বিবৃতিতে।
