২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

খালেদার দুর্নীতি মামলায় আরও ৪ জনের সাক্ষ্য

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার বিরুদ্ধে জিয়া দাতব্য ট্রাস্ট দুর্নীতির মামলায় দুদকের এক কর্মকর্তাসহ রাষ্ট্রপক্ষের চার সাক্ষীর জবানবন্দি শুনেছে আদালত।

আদালত প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Oct 2015, 08:31 PM

Updated : 22 Aug 2022, 01:34 PM

এছাড়া মামলায় রাষ্ট্রপক্ষে আগে সাক্ষ্য দেওয়া স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংকের তিন কর্মকর্তাকে জেরা করেছেন আসামিপক্ষের আইনজীবী।

খালেদা জিয়া লন্ডনে থাকায় তার অনুপস্থিতিতেই বুধবার ঢাকার বকশীবাজারের আলিয়া মাদ্রাসা মাঠে স্থাপিত তৃতীয় বিশেষ জজ আবু আহমেদ জমাদারের আদালতে এদিন সাক্ষ্যগ্রহণ ও সাক্ষীদের জেরা হয়।

চার সাক্ষী হলেন- দুর্নীতি দমন কমিশনের (দুদক) সহকারী-পরিচালক চৌধুরী এম এন আলম, সোনালী ব্যাংকের ক্যান্টনমেন্ট শাখার হিসাবরক্ষক (ক্যাশিয়ার) ওয়ালিদ আহমেদ, শাহজালাল ইসলামী ব্যাংক কুষ্টিয়া শাখার জ্যেষ্ঠ কর্মকর্তা মামুনুজ্জামান এবং গৃহ নির্মাণ ও উন্নয়ন প্রতিষ্ঠান মেট্রোমেকার্স অ্যান্ড ডেভেলপমেন্ট লিমিটেডের সাবেক জ্যেষ্ঠ কর্মকর্তা সাইফুল ইসলাম।

আগামী ২৯ অক্টোবর মামলায় পরবর্তী সাক্ষ্য গ্রহণের দিন রাখা হয়েছে বলে মামলায় দুদকের আইনজীবী মোশারফ হোসেন কাজল জানিয়েছেন।

তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “ওই দিন রাষ্ট্রপক্ষে বুধবার সাক্ষ্য দেওয়া চারজনকে জেরা করার সুযোগ পাবে আসামিপক্ষ।”

এ নিয়ে এই মামলায় রাষ্ট্রপক্ষে ২৬ সাক্ষীর মধ্যে মোট ১৭ জনের বক্তব্য শুনল আদালত।

আসামিপক্ষের আইনজীবীরা স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংকের যে তিন কর্মকর্তাকে জেরা করেন তারা হলেন- ব্যাংকের সোনারগাঁও হোটেল শাখার ব্যবস্থাপক (সে সময়ে মতিঝিল শাখায় কর্মরত) নওশাদ মাহমুদ, মতিঝিল সিটি সেন্টার শাখার রিলেশনশিপ ম্যানেজার আমিরুল ইসলাম এবং মতিঝিল শাখার কাস্টমার সার্ভিস ম্যানেজার অলক কান্তি চক্রবর্তী।

জিয়া দাতব্য ট্রাস্টের নামে অবৈধভাবে তিন কোটি ১৫ লাখ ৪৩ হাজার টাকা লেনদেনের অভিযোগে ২০১০ সালের ৮ অগাস্ট খালেদা জিয়ার বিরুদ্ধে এ মামলা করে দুর্নীতি দমন কমিশন।

এছাড়া এতিমদের সহায়তার জন্য একটি বিদেশি ব্যাংক থেকে আসা দুই কোটির বেশি অর্থ আত্মসাতের অভিযোগে ২০০৮ সালের ৩ জুলাই রমনা থানায় জিয়া এতিমখানা ট্রাস্ট দুর্নীতির আরেকটি মামলা করে দুদক।

২০১৪ সালের ১৯ মার্চ এ দুটি মামলায় খালেদা জিয়ার বিরুদ্ধে অভিযোগ গঠনের পর ৭ মে বিচারের জন্য বকশীবাজারের বিশেষ এজলাসে পাঠানো হয়।

এ দুই মামলায় সর্বশেষ ১০ সেপ্টেম্বর আদালতে হাজির হয়েছিলেন বিএনপি নেত্রী। এরপর আদালতের অনুমোদন নিয়ে চিকিৎসা ও পরিবারের সদস্যদের সঙ্গে কোরবানির ঈদ করতে ১৫ সেপ্টেম্বর লন্ডনে যান তিনি।

পুরনো খবর:

দুই দুর্নীতি মামলার শুনানিতে খালেদা
লন্ডন গেলেন খালেদা
খালেদার দুর্নীতি মামলায় ব্যাংক কর্মকর্তাকে জেরা