২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সরকার ‘ব্লেইম গেইম’ খেলছে: নজরুল

দুই বিদেশি হত্যাকাণ্ড নিয়ে সরকার ‘ব্লেইম গেইম’ খেলছে বলে অভিযোগ করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Oct 2015, 07:53 PM

Updated : 26 Jul 2022, 12:06 PM

রোববার বিকালে এক দোয়া মাহফিলে তিনি এ মন্তব্য করেন।

নজরুল বলেন, “ আমরা এক দুঃসময় অতিক্রান্ত করছি। অতি সম্প্রতি আমরা দেখলাম যে, বিদেশিদের হত্যাকাণ্ডে আমরা তীব্র নিন্দা জানিয়েছি, তাদের খুনিদের অবিলম্বে খুঁজে বের করে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়ার দাবি করেছি। সেই অভিযোগও আমাদের ওপরই চাপানোর চেষ্টা হচ্ছে। পত্রিকায় খবর বের করা হচ্ছে, আমাদের অত্যন্ত সংগ্রামী সহকর্মী হাবিব উন নবী সোহেলকে জড়িত করা হচ্ছে।”

“আমরা বলতে চাই, এই ব্লেইম গেইম বন্ধ করা হউক। যারাই আন্দোলনে সক্রিয় ভূমিকা পালন করবে তাদের বিরুদ্ধে মিথ্যা মামলা দেওয়া হবে, তাদের সন্দেহমূলক বিভিন্ন অভিযোগ প্রচার করা হবে- এটা বন্ধ করা হউক। এটা অন্যায়, এটা অনাচার।”

গত ২৮ সেপ্টেম্বর ও ৩ অক্টোবর ঢাকা ও রংপুরে দুই বিদেশি খুন হওয়ার পর  প্রধানমন্ত্রীসহ মন্ত্রীরা এর পেছনে বিএনপি ও জামায়াতের সংশ্লিষ্টতার কথা বলেন।

মধ্যপ্রাচ্যভিত্তিক জঙ্গি গোষ্ঠী আইএস এর দায় স্বীকার করেছে বলে খবর এলে তা নিয়ে বাংলাদেশে কথিত জঙ্গি তৎপরতার বিষয়টি আলোচনায় আসে।

নয়া পল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে লন্ডনে অবস্থানরত বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় এই দোয়া মাহফিলের আয়োজন করা হয়।

গত ১৬ সেপ্টেম্বর চোখের চিকিৎসা ও স্বাস্থ্য পরীক্ষার জন্য লন্ডনে যান খালেদা।

দলের নেতা-কর্মীদের সর্তক থাকার আহ্বান জানিয়ে নজরুল ইসলাম খান বলেন, “যারাই সক্রিয় হবে, যারাই গণতন্ত্রের কথা বলবে, যারাই আন্দোলনের কথা বলবে, নির্বাচনের কথা বলবে, তাদের বিরুদ্ধে নানা মিথ্যা অভিযোগ দেওয়া হচ্ছে।”

‘গণতন্ত্র ফিরিয়ে আনতে’ আন্দোলন চলবে জানিয়ে তিনি বলেন, “শহীদ জিয়া বিএনপি প্রতিষ্ঠা করেছিলেন জাতীয়তাবাদী গণতান্ত্রিক দল হিসেবে। আমরা যারা তার সঙ্গে কাজ করতে এসেছিলাম, সেই বিশ্বাস নিয়ে কাজ করেছি, কাজ করব।”

পরে খালেদা জিয়ার দ্রুত আরোগ্য লাভে বিশেষ মোনাজাতে অংশ নেন তিনি।

এ সময় অন্যদের মধ্যে শ্রমিক দলের সভাপতি আনোয়ার হোসেন, ওলামা দলের সভাপতি হাফেজ আবদুল মালেক, সাধারণ সম্পাদক শাহ নেসারুল হক, স্বেচ্ছাসেবক দলের সিনিয়র সহসভাপতি মুনির হোসেন, সহসভাপতি সাইফুল ইসলাম পটু, মারুফ আল হাসান প্রমুখ উপস্থিত ছিলেন।