ফের সিঙ্গাপুর যাচ্ছেন ফখরুল
স্বাস্থ্য পরীক্ষার জন্য আবারও সিঙ্গাপুরে যাচ্ছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
শনিবার ভোর ৬টায় বাংলাদেশে বিমানের নিয়মিত ফ্লাইটে এই বিএনপি নেতার সস্ত্রীক সিঙ্গাপুরে রওনা হওয়ার কথা।
এ বিষয়ে শুক্রবার রাতে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, "চেকআপের জন্য আমি সিঙ্গাপুর যাচ্ছি। ডাক্তারের অ্যাপয়েনমেন্ট করা হয়েছে। আগামী ২১ অক্টোবর আমি দেশে ফিরে আসব।”
দেশবাসীর কাছে দোয়াও চান তিনি।
নাশকতার মামলার আসামি ফখরুল এর আগে জুলাই মাসে সর্বোচ্চ আদালতের আদেশে জামিন নিয়ে চিকিৎসার জন্য বিদেশ গিয়েছিলেন। এসব মামলা রাজনৈতিক হয়রানিমূলক বলে বিএনপির দাবি।
গত ২১ সেপ্টেম্বর তিনি যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক ও সিঙ্গাপুরে বিশেষজ্ঞদের চিকিৎসা নিয়ে দেশে ফেরেন।
মস্তিষ্কের ক্যারোটিড আর্টারিতে দুটি ব্লক ধরা পড়ায় এখনও চিকিৎসকের তত্ত্বাবধানে রয়েছেন মির্জা ফখরুল।
দুটি ব্লক থাকলেও রক্ত সঞ্চালন মোটামুটি অব্যাহত থাকায় এবং ধকল সামলানোর মতো শারীরিক অবস্থা না থাকায় ফখরুলের অস্ত্রোপচার না করার পক্ষে মত দেন যুক্তরাষ্ট্রের চিকিৎসকরা।
জানুয়ারি থেকে শুরু হওয়া সরকারবিরোধী তিন মাসের আন্দোলনের শুরুতে গত ৬ জানুয়ারি জাতীয় প্রেস ক্লাব প্রাঙ্গণ থেকে পুলিশ বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিবকে গ্রেপ্তার করে। তাকে নাশকতার কয়েকটি মামলায় গ্রেপ্তার দেখানো হয়।
এরপর জুলাইয়ে গাজীপুরের কাশিমপুর কারাগারে গুরুতর অসুস্থ হয়ে পড়লে মির্জা ফখরুলকে গত ১৪ জুলাই জামিন দেয় সুপ্রিম কোর্ট। মুক্তি লাভের পর ২৭ জুলাই চিকিৎসার জন্য প্রথমে সিঙ্গাপুর এবং ১১ অগাস্ট নিউ ইয়র্ক গিয়েছিলেন এই বিএনপি নেতা।
