একদলীয় শাসনের দিকে এগোচ্ছে সরকার: হান্নান শাহ
সরকার ‘ধীরে ধীরে’ একদলীয় শাসনব্যবস্থার দিকে এগোচ্ছে বলে অভিযোগ করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আ স ম হান্নান শাহ।
দলীয় প্রতীক ও মনোনয়নে স্থানীয় সরকার নির্বাচন অনুষ্ঠানে আইন সংশোধনের প্রস্তাবে মন্ত্রিসভার অনুমোদনের সমালোচনা করে এই অভিযোগ করেন তিনি।
মঙ্গলবার দুপুরে রাজধানীতে এক আলোচনা সভায় হান্নান শাহ বলেন, “এই সরকার বিনা ভোটের সরকার, নৈতিকতাবিরোধী সরকার। তারা লাস্ট পেরেকটা ঠুকে দিয়েছেন জনপ্রতিনিধিদের দ্বারা পরিচালিত স্বায়ত্ত্বশাসিত প্রতিষ্ঠান ইউনিয়ন পরিষদ ও উপজেলা পরিষদের নির্বাচনী ব্যবস্থায়। গতকাল মন্ত্রিসভায় এই নির্বাচনগুলো দলীয় মনোনয়নে করার জন্য সিদ্ধান্ত নিয়ে নিয়েছেন। জাতীয় পর্যায়ে অন্যান্য রাজনৈতিক দলের সঙ্গে তারা আলোচনা করার প্রয়োজনও বোধ করেননি।
“কারণ উনাদের যে নীলনকশা তা বাস্তবায়ন করতে গেলে এমনটি করতে হবে। এটা পরিষ্কার হয়ে গেছে- যে জায়গায় বঙ্গবন্ধু ভুল করেছিলেন, তারা (বর্তমান সরকার) দেশি-বিদেশি বিজ্ঞ ব্যক্তিদের পরামর্শক্রমে ধাপে ধাপে ধীরে ধীরে বাকশাল কায়েম করছে।”
সোমবার মন্ত্রিসভার বৈঠকে দলীয় মনোনয়ন ও প্রতীকে স্থানীয় সরকার নির্বাচন আয়োজনের জন্য আইন সংশোধনের প্রস্তাবে সম্মতি দেওয়া হয়েছে।
স্থানীয় সরকারের নির্বাচন এতদিন ধরে নির্দলীয়ভাবে হলেও আইন সংশোধনের পর এটাও সংসদ নির্বাচনের মতো দলীয়ভাবে হবে।
এটা করার আগে এ নিয়ে গণভোট আয়োজনের দাবি জানিয়ে বিএনপি নেতা হান্নান শাহ বলেন, “আমি বলব, স্থানীয় সরকার একটি জাতীয় ইস্যু। এ বিষয়ে গণভোট দিন। জনগণের মতামত নিন।”
বিএনপিপন্থি পেশাজীবী নেতা এমাজউদ্দীন আহমেদও দলীয় প্রতীকে স্থানীয় সরকার নির্বাচনের বিপক্ষে মত দিয়েছেন।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক এই উপাচার্য বলেন, “বাংলাদেশে স্থানীয় সরকার নির্বাচন দলীয় প্রতীকে হওয়ার কথা নয়। তারপরও হচ্ছে কেন? হচ্ছে, এখন পর্যন্ত গ্রামাঞ্চলে যে শান্তিপূর্ণ অবস্থা আছে তাকে হয়ত তারা বিনষ্ট না করে ছাড়বেন না।
“স্থানীয় সরকার একটা পার্মানেন্ট বডি। এখানে প্রশাসক নিয়োগের বিধান অগণতান্ত্রিক। বিশ্বের কোথাও এভাবে প্রশাসক নিয়োগের নজির নেই। এখানে হচ্ছেটা কেন? হচ্ছে- প্রশাসনকে দলীয়করণ করা হয়েছে বলে অনুগতদের দায়িত্বে আনা বা দায়িত্বে রাখা।”
অধ্যাপক পিয়াস করীমের প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে জাতীয় প্রেসক্লাবের ভিআইপি লাউঞ্জে স্বাধীনতা ফোরামের উদ্যোগে এই আলোচনা সভা হয়। প্রয়াত পিয়াস করীমের স্মৃতির প্রতি জানান এমাজউদ্দীন।
সংগঠনের সভাপতি আবু নাসের মুহাম্মদ রহমাতুল্লাহর সভাপতিত্বে আলোচনা সভায় অন্যদের মধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক মাহবুবউল্লাহ, যুবদলের সভাপতি সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, ব্যারিস্টার পারভেজ আহমেদ, মিয়া মোহাম্মদ আনোয়ার প্রমুখ বক্তব্য রাখেন।
