বিএনপি-জামায়াতকে সন্দেহ স্বাভাবিক: কামরুল
বিদেশি হত্যাকাণ্ডে ‘সন্দেহের তীর’ বিএনপি-জামায়াতের দিকে যাওয়াকে ‘স্বাভাবিক’ বলেছেন খাদ্যমন্ত্রী কামরুল ইসলাম।
রোববার রাজধানীতে এক আলোচনা সভায় তিনি বলেন, “আমি তদন্তাধীন বিষয়ে বেশি কথা বলতে চাই না। শুধু একটি কথাই বলতে চাই, বিএনপি-জামায়াত যেভাবে গাঁট বেঁধেছে তাতে তাদের দিকে সন্দেহের তীর যাবে- এটাই স্বাভাবিক।”
সম্প্রতি ঢাকায় ইতালির নাগরিক চেজারে তাভেল্লা এবং এর ছয় দিনের মাথায় রংপুরে জাপানের নাগরিক কুনিও হোশিওকে গুলি চালিয়ে হত্যা করে মোটরসাইকেল আরোহী মুখোশধারী দুর্বৃত্তরা।
জাপানি হত্যার ঘটনায় কয়েকজনকে গ্রেপ্তার করা হলেও দুই হত্যাকাণ্ডের কারণ বা হোতাদের বিষয়ে এখনও কোনও ‘ক্লু’ খুঁজে পায়নি আইনশৃঙ্খলা বাহিনী।
এর মধ্যে শনিবার এসব হত্যাকাণ্ডের জন্য সরাসরি বিএনপি চেয়ারপারসনকে দায়ী করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, খালেদা জিয়া বিদেশে বসে বাংলাদেশে বিদেশি নাগরিকদের হত্যা করে আতঙ্ক ছড়াচ্ছেন ।
প্রতিক্রিয়ায় ওই দিনই বিদেশি হত্যাকাণ্ডে খালেদা জিয়া ও তারেক রহমানকে জড়িয়ে প্রধানমন্ত্রী ছাড়াও মন্ত্রী ও আওয়ামী লীগ নেতাদের বক্তব্যকে ‘হাস্যকর’ ও ‘অপপ্রচার’ আখ্যায়িত করেছে বিএনপি।
ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে (ডিআরইউ) প্রধানমন্ত্রী শেখ হাসিনার ‘চ্যাম্পিয়ন অব দ্য আর্থ পুরস্কার প্রাপ্তি এবং চলমান রাজনীতি’ বিষয়ে বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট এ আলোচনার আয়োজন করে।
সভায় ঢাকা মহানগর আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক কামরুল বলেন, বিএনপি-জামায়াত ষড়যন্ত্রে লিপ্ত। তারা যে কোনো মুহূর্তে আঘাত হানতে পারে।
‘শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ যতো এগিয়ে যাচ্ছে বিএনপি-জামায়াতের ষড়যন্ত্র ততোই জোরালো হচ্ছে’ বলেও মন্তব্য করেন তিনি।
উদাহরণ দিয়ে কামরুল বলেন, “বঙ্গবন্ধু যখন বড় পুরস্কার অর্জন করেছিলেন, উনার ব্যক্তিত্ব যখন এই উপমহাদেশ ছাড়িয়ে গিয়েছিল, তখনই বঙ্গবন্ধুকে নির্মমভাবে হত্যা করা হয়েছিল।”
‘শেখ হাসিনার ব্যক্তিত্বও এশিয়া ছাড়িয়ে গেছে’ মন্তব্য করে এই আওয়ামী লীগ নেতা বলেন, “আমরা উনার নিরাপত্তা নিয়েও শঙ্কিত। আমরা পঁচাত্তরের মতো কোনও ঘটনা ঘটুক তা চাই না।”
সংগঠনের উপদেষ্টা ফয়েজ উদ্দিন মিয়ার সভাপতিত্বে সভায় অন্যদের মধ্যে আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সদস্য সুজিত রায় নন্দী, বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের সহ-সভাপতি ড্যানি সিডার ও অভিনেত্রী ফাল্গুনী হামিদ বক্তব্য রাখেন।
