২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ছাত্রলীগের বিরুদ্ধে ভোলার ছাত্রদল নেতাকে হত্যার অভিযোগ

ভোলার চরফ্যাশন উপজেলা ছাত্রদল সভাপতি আবদুর রাজ্জাককে স্থানীয় ছাত্রলীগ কর্মীরা কুপিয়ে হত্যা করেছে বলে অভিযোগ করেছে ছাত্রদল।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Sep 2015, 06:17 PM

Updated : 25 Apr 2022, 01:55 PM

শনিবার দুপুরে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় ভারপ্রাপ্ত সভাপতি মামুনুর রশিদ ও সাধারণ সম্পাদক আকরামুল হাসান এক বিবৃতিতে এই অভিযোগ করেন।

ঈদের দিন রাতে চরফ্যাশন উপজেলা ছাত্রদলের সভাপতি আবদুর রাজ্জাককে (৩৪) স্থানীয় হাজারিগঞ্জ ইউনিয়নের বেড়িবাঁধ এলাকায় দুর্বৃত্তরা কুপিয়ে আহত করে। শনিবার সকালে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান রাজ্জাক।

ছাত্রদলের দপ্তর সম্পাদক আবদুস সাত্তার পাটোয়ারি স্বাক্ষরিত ওই বিবৃতিতে দাবি করা হয়, রাজ্জাককে স্থানীয় ছাত্রলীগ কর্মীরা নির্মমভাবে পিটিয়ে হত্যা করেছে।

এতে বলা হয়, ঈদের দিন রাত ১২টায় রাজ্জাককে স্থানীয় চেয়ারম্যান বাজার এলাকায় ধরে নিয়ে চেয়ারের সঙ্গে বেঁধে নির্মমভাবে পেটায় স্থানীয় ছাত্রলীগ। তারপর ইট দিয়ে তার পুরো শরীর নির্দয়ের মতো থেতলে দেয় দেওয়া হয়।

বিবৃতিতে বিরোধী দল ও মতের মানুষের ওপর ছাত্রলীগের অন্যায়, অত্যাচার যে কোন সময়ের তুলনায় সীমা ছাড়িয়ে গেছে বলে অভিযোগ করেন কেন্দ্রীয় ছাত্রদল নেতারা।