বিএনপি নেত্রী পাপিয়া কারামুক্ত
বিএনপির সাবেক সংসদ সদস্য সৈয়দা আসিফা আশরাফি পাপিয়া বৃহস্পতিবার কাশিমপুর কেন্দ্রীয় মহিলা কারাগার থেকে মুক্তি পেয়েছেন।
কাশিমপুর কেন্দ্রীয় মহিলা কারাগারের ভারপ্রাপ্ত সুপার মিজানুর রহমান জানান, পাপিয়ার বিরুদ্ধে বিভিন্ন সময় করা মোট ১৪টি মামলায় জামিন হয়।
গত ১৬ জুন পাপিয়াকে এই কারাগারে নেওয়া হয় বলে জানান মিজানুর।
“মুক্তির আগ পযন্ত তিনি এ কারাগারের রজনীগন্ধ্যা ভবনে ডিভিশনপ্রাপ্ত বন্দির মর্যাদায় ছিলেন।”
মিজানুর রহমান বলেন, ১৬ জুন ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালতে হাজির হয়ে পল্টন থানার পাঁচটি, মিরপুরের তিনটি ও লালবাগের এক মামলায় জামিনের আবেদন করেন পাপিয়া।
আদালত আবেদন নাকচ করে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেয়। এরপর তার বিরুদ্ধে নাশকতার আরও পাঁচটি মামলা হয়।
সম্প্রতি আদালত এ ১৪টি মামলায় পাপিয়ার জামিন মঞ্জুর করে বলে জানান মিজানুর।
বৃহস্পতিবার তার জামিনের কাগজপত্র কারাগারে পৌঁছলে যাচাই-বাছাই করে সন্ধ্যায় তাকে মুক্তি দেওয়া হয় বলে জানান তিনি।
