২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

খালেদার ঈদ লন্ডনে

স্বাস্থ্য পরীক্ষার জন্য যুক্তরাজ্য যাচ্ছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া, ছেলে তারেক রহমানের সঙ্গে ঈদ করে ফিরবেন তিনি।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Sep 2015, 11:12 PM

Updated : 22 Aug 2022, 01:12 PM

রোববার রাতে বিএনপির জ্যেষ্ঠ নেতাদের সঙ্গে খালেদার বৈঠকের পর দলীয় চেয়ারপারসনের লন্ডন সফরের কথা জানানো হয়।

বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান সাংবাদিকদের জানান, স্বাস্থ্য পরীক্ষার জন্য মঙ্গলবার রাতে লন্ডনের উদ্দেশে ঢাকা ছাড়বেন খালেদা জিয়া।

“আগামী পরশু (মঙ্গলবার) ‍আমাদের নেত্রী লন্ডন যাচ্ছেন। তিনি তার চোখের চিকিৎসা করাবেন এবং কিছুদিন সেখানে অবস্থানরত বড় ছেলে তারেক রহমানসহ পরিবারের সদস্যদের সঙ্গে সময় কাটাবেন।”

ঈদ কোথায় করবেন- জানতে চাইলে নজরুল বলেন, “এত বছর পরে দেখা হবে ছেলেসহ পরিবারের সঙ্গে। তার ছোট ছেলে মারা গেছেন। বড় ছেলে, তার স্ত্রী ও নাতনি রয়েছেন লন্ডনে। আমরা নেত্রীকে অনুরোধ করেছি, যেন তিনি পরিবারের সঙ্গে ঈদ উদযাপন করে দেশে আসেন।”

বিএনপির একাধিক নেতা জানান, মালয়েশিয়া থেকে কোকোর স্ত্রী শামিলা রহমান সিঁথি, তার দুই মেয়ে জাহিয়া রহমান ও জাফিয়া রহমানও লন্ডনে যাবেন।

খালেদার বড় ছেলে তারেক রহমান ২১ অগাস্ট মামলায় হুলিয়া নিয়ে গত সাত বছর ধরে লন্ডনে রয়েছেন। সেখানে তার বিভিন্ন বক্তব্য-বিবৃতি নিয়ে ব্যাপক সমালোচনা রয়েছে।

খালেদা জিয়া গত বছর ওমরাহ করতে সৌদি আরবে গেলে তারেকও লন্ডন থেকে সেখানে গিয়েছিলেন। এরপর আর মা-ছেলের দেখা হয়নি। এর মধ্যে মালয়েশিয়ায় থাকা খালেদার ছোট ছেলে আরাফাত রহমান কোকো মারা যান।

প্রতি বছরের মতো এবারও রোজার সময় ওমরাহ করতে সৌদি আরবে যাওয়ার কথা ছিল খালেদার। কিন্তু ওই সফর তিনি শেষ মুহূর্তে বাতিল করেন দলের শীর্ষ নেতাদের কারাগারে থাকার কথা বলে।

গত অগাস্টে লন্ডন যাওয়ার তোড়জোড় করেও পরে যাননি বিএনপি চেয়ারপারসন। তার না যাওয়া নিয়ে রাজনৈতিক অঙ্গনে আলোচনারও সৃষ্টি হয়।

পরে খালেদা জিয়া বলেন, তার পায়ের ব্যথা বেড়েছে।

সেজন্য যুক্তরাজ্যের চিকিৎসকদের সঙ্গে যোগাযোগ করছেন বলেও জানিয়েছিলেন তিনি।

নজরুল বলেন, “উনার চোখের চিকিৎসার জন্য বেশ কিছুদিন আগে লন্ডন যাওয়ার কথা ছিল, রাজনৈতিক কারণে উনি যেতে পারেননি।

“আমরা আশা করছি, যত দ্রুত সম্ভব চিকিৎসা শেষ করে বেগম খালেদা জিয়া দেশে ফিরে আসবেন। দেশনেত্রীর সফর যেন নিরাপদ ও সফল হয়, সেজন্য দেশবাসীর কাছে দোয়া চাই।”

Image
বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া (ফাইল ছবি)

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া (ফাইল ছবি)

খালেদা জিয়া স্বাস্থ্য পরীক্ষার কথা বললেও ক্ষমতাসীন আওয়ামী লীগ নেতারা বলে আসছেন, ‘ষড়যন্ত্র’ করতে লন্ডন যাচ্ছেন বিএনপি চেয়ারপারসন।

২০০৬ সালের ক্ষমতা থেকে সরে যাওয়ার পর লন্ডনে খালেদার এটি দ্বিতীয় সফর। ২০১১ সালে যুক্তরাষ্ট্র সফর শেষে দেশে ফেরার পথে তারেককে দেখতে তিনি লন্ডন গিয়েছিলেন।

লন্ডন সফরের আগে রোববার রাতে গুলশানে নিজের কার্যালয়ে জ্যেষ্ঠ নেতাদের সঙ্গে বৈঠকে সারাদেশে তৃণমূল পর্যায়ে দলের কমিটি গঠনের কাজ দ্রুত করার তাগিদ দেন।

নজরুল বলেন, “নেত্রী তার অনুপস্থিতিতে নিজ নিজ অবস্থান থেকে নেতাদের সংগঠন গোছানোর কাজ দ্রুত করার নির্দেশ দিয়ে গেছেন।”

বৈঠকে নজরুল ছাড়াও ছিলেন স্থায়ী কমিটির সদস্য মওদুদ আহমদ, মাহবুবুর রহমান, আ স ম হান্নান শাহ, জমিরউদ্দিন সরকার, গয়েশ্বর চন্দ্র রায়, নজরুল ইসলাম খান, ভাইস চেয়ারম্যান শাহ মোয়াজ্জেম হোসেন, চৌধুরী কামাল ইবনে ইউসুফ, আলতাফ হোসেন চৌধুরী, সেলিমা রহমান, চেয়ারপারসনের উপদেষ্টা শাহজাহান ওমর, আমীর খসরু মাহমুদ চৌধুরী, মীর মোহাম্মদ নাসির উদ্দিন, শামসুজ্জামান দুদু, যুগ্ম মহাসচিব মোহাম্মদ শাহজাহান, কেন্দ্রীয় নেতা সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, আবদুস সালাম আজাদ, আনোয়ার হোসেন, নুরী আরা সাফা, শিরিন সুলতানা প্রমুখ।

এদিকে রাতে সাড়ে ৮টায় গুলশান কার্যালয়ের সামনের সড়কে সাতক্ষীরা বিএনপির একদল নেতা-কর্মী ‘পকেট কমিটি’ না করার দাবিতে বিক্ষোভ করে। তারা ব্যানার হাতে নিয়ে স্লোগান দেয়।

পুরনো খবর:

বিদেশযাত্রার দিন এখনও ঠিক হয়নি: খালেদা