২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বিদেশযাত্রার দিন এখনও ঠিক হয়নি: খালেদা

চিকিৎসার জন্য বিদেশে যাচ্ছেন জানিয়ে দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Aug 2015, 12:49 AM

Updated : 22 Aug 2022, 01:02 PM

তবে কবে যাবেন, তা এখনও ঠিক হয়নি বলে জানিয়েছেন তিনি।

শনিবার রাতে গুলশানের কার্যালয়ে জন্মদিনের কেক কাটার অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে খালেদা জিয়া বলেন, “আমার পায়ের ব্যথাটা বেড়েছে। সেজন্য কিছুটা অসুস্থ। আমার জন্য দোয়া করবেন। দেশবাসীর কাছে আমি দোয়া চাই।”

কবে নাগাদ বাইরে যাবেন জানতে চাইলে খালেদা জিয়া বলেন, “চিকিৎসকদের সঙ্গে যোগাযোগ হচ্ছে।”

চিকিৎসার জন্য বিএনপি চেয়ারপারসন যুক্তরাজ্য যাচ্ছেন বলে গত সপ্তাহে জানান দলটির নেতারা।

এরপর গত সোমবারই যুক্তরাজ্যের ভিসার আবেদনপত্র জমা দেওয়াসহ সব ধরনের আনুষ্ঠানিকতা শেষ করেন খালেদা জিয়া।

খালেদা জিয়ার বড় ছেলে তারেক রহমান ২১ অগাস্ট মামলায় হুলিয়া নিয়ে গত সাত বছর ধরে লন্ডনে আছেন।

বিএনপি নেতারা জানান, খালেদা জিয়া গতবছর ওমরাহ করতে সৌদি আরবে গেলে তারেকও লন্ডন থেকে সেখানে গিয়েছিলেন। এরপর আর মা-ছেলের দেখা হয়নি।

ডজন খানেক মামলার পলাতক আসামি তারেক ২০০৮ সাল থেকে পরিবার নিয়ে লন্ডনে অবস্থান করছেন। ইতোমধ্যে তার বাংলাদেশি পাসপোর্ট বৈধতা হারানোয় তিনি এখন শরণার্থী হিসেবে দেশটিতে অবস্থান করছেন বলে ঢাকা ও লন্ডনের বিভিন্ন সূত্রের খবর।

প্রতি বছরের মতো এবারও রোজার সময় ওমরাহ করতে সৌদি আরবে যাওয়ার কথা ছিল খালেদা জিয়ার। কিন্তু ওই সফর তিনি শেষ মুহূর্তে বাতিল করেন দলের শীর্ষ নেতাদের কারাগারে থাকার কথা বলে।