খালেদার সঙ্গে নতুন সৌদি রাষ্ট্রদূতের সাক্ষাৎ
সৌদি আরবের নবনিযুক্ত রাষ্ট্রদূত আবদুল্লাহ এইচ এম আল মুতাইরি বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সঙ্গে দেখা করছেন।
রোববার রাত সাড়ে ৮টায় বিএনপি চেয়ারপারসনের গুলশানের কার্যালয়ে এই সাক্ষাৎ হয়।
সাক্ষাতে দুই দেশের স্বার্থ-সংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয় বলে বৈঠকে অংশ নেওয়া একজন নেতা জানান।
শুক্রবার মসজিদ আল-হারামে ক্রেইন উল্টে শতাধিক মানুষ নিহতের ঘটনায় শোক জানান খালেদা জিয়া।
মুসলমানদের পবিত্রতম স্থান কাবা শরীফ ঘিরে রাখা ওই মসজিদে শুক্রবার একটি ক্রেইন উল্টে পড়লে ১০৭ জন নিহত এবং অন্তত ২৩৮ জন আহত হন।
গত ২০ অগাস্ট রাষ্ট্রদূতের দায়িত্বভার গ্রহণের পর বিএনপি চেয়ারপারসনের সঙ্গে এটি মুতাইরির প্রথম সাক্ষাৎ।
সাক্ষাৎকালে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা মীর মোহাম্মদ নাসিরউদ্দিন, সাবিহ উদ্দিন আহমেদ, সৌদি আরবে বিএনপির বিশেষ প্রতিনিধি এনামুল হক চৌধুরী উপস্থিত ছিলেন।
