২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রওশনের সঙ্গে কমনওয়েলথ মহাসচিবের সাক্ষাৎ

দারিদ্র্য ও সন্ত্রাস দূর করতে কমনওয়েলথের সহযোগিতা চেয়েছেন জাতীয় সংসদের বিরোধী দলীয় নেতা রওশন এরশাদ।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Sep 2015, 09:13 PM

Updated : 22 Aug 2022, 01:12 PM

শনিবার বিকালে রওশনের সঙ্গে ঢাকায় সফররত কমনওয়েলথ মহাসচিব কমলেশ শর্মা সাক্ষাৎ করেন।

সংসদ ভবনে বিরোধী দলীয় নেতার কার্যালয়ে এই সাক্ষাতে রওশন বলেন, “বিশ্ব থেকে সন্ত্রাস দূর করতে হলে প্রথমেই আমাদের দারিদ্র্য দূর করতে হবে। দারিদ্র্য নিরসনে বাংলাদেশ অন্যান্য দেশের সঙ্গে একযোগে কাজ করে যেতে চায়; আর এ বিষয়ে কমনওয়েলথের সহযোগিতা একান্তই কাম্য।”

বিরোধী দলীয় নেতার কার্যালয় থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

সাক্ষাতে বিরোধী দলীয় নেতা রওশন দশম জাতীয় সংসদ গঠিত হওয়ার পরে বাংলাদেশ কমনওয়েলথ পার্লামেন্টারি অ্যাসোসিয়েশন (সিপিএ) ও ইন্টার পার্লামেন্টারি ইউনিয়নের (আইপিইউ) সভাপতি পদ অর্জনের প্রসঙ্গেও কথা বলেন।

এ সময় রওশন বলেন, “বিরোধীদল হিসেবে আমরা সংসদে এবং সংসদের বাইরে গঠনমূলক ভূমিকা রেখে দেশ ও জাতির কল্যাণে কাজ করে যাচ্ছি। বাংলাদেশের সুশাসন, দারিদ্র্য দূরীকরণ, শান্তি ও গণতন্ত্র প্রতিষ্ঠা সর্বোপরি এদেশে টেকসই উন্নয়নে বিরোধীদল অঙ্গীকারাবদ্ধ।”

এ সময় সংসদীয় গণতন্ত্রকে মজবুত করার ক্ষেত্রে সহযোগিতার আশ্বাস দিয়ে কমনওয়েলথ মহাসচিব শর্মা বলেন, “সংসদ হচ্ছে গণতন্ত্রের প্রাণকেন্দ্র আর সংসদে বিরোধী দলের সঠিক ভূমিকা গণতন্ত্রের ভীত আরও বেশি মজবুত করবে।”

এছাড়া দারিদ্র্য দূরীকরণ, শিশু ও মাতৃ মৃত্যুহার হ্রাস, শিক্ষা-স্বাস্থ্যসহ বিভিন্ন ক্ষেত্রে বাংলাদেশ ঈর্ষণীয় সাফল্য দেখিয়ে যাচ্ছে মন্তব্য করে এসব ক্ষেত্রে কমনওয়েলথের সহযোগিতা অব্যাহত রাখার কথা বলেন এই সংগঠনের মহাসচিব।

এ সময় জাতীয় পার্টির সংসদ সদস্য ফখরুল ইমাম, সংসদে বিরোধী দলের হুইপ নূরুল ইসলাম ওমর, কমনওয়েলথ ডেপুটি প্রধান সেক্রেটারি রামভেনু প্রসাদ, কমনওয়েলথ সেক্রেটারিয়াটের (এশিয়া/ইউরোপ) রাজনৈতিক উপদেষ্টা এলিসন পেয়ারম্যান উপস্থিত ছিলেন।