রাস্তা দখল করে প্রতিবাদ সমীচীন নয়: কাদের
রাস্তা দখল করে বেসরকারি বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের আন্দোলন ‘যৌক্তিক হয়নি’ বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সভাপতি মণ্ডলীর সদস্য ওবায়দুল কাদের।
শুক্রবার বিকালে রাজধানীর সেগুন বাগিচার শিল্পকলা একডেমি মাঠে এক অনুষ্ঠানে তিনি বলেন, “বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা ক্যাম্পাস থেকে বেরিয়ে যে পরিবেশ সৃষ্টি করেছে আমি তার বিরোধিতা করছি না। তবে প্রতিবাদ করতে গিয়ে প্রায় দেড় কোটি মানুষকে জিম্মি করেছেন তারা; এটা সমীচীন নয়।
“রাস্তা দখল করে যে আন্দোলন তারা করেছে তা পজেটিভ নয়, এটা নেগেটিভ হয়েছে।”
ভবিষ্যতে যেন আর কেউ রাস্তা দখল করে আন্দোলন না করে সেই পরামর্শও দেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী কাদের।
‘সম্মিলিত শিল্পী সম্মেলন’ নামে ওই অনুষ্ঠানের আয়োজন করে সম্মিলিত সঙ্গীত শিল্পী সোসাইটি।
অনুষ্ঠানের উপস্থিত সংগঠনের সমালোচনা করে তিনি বলেন, “আপনারা রাজনীতি আর সংস্কৃতি মিলিয়ে ফেলবেন না। এখানে শিল্পী থেকে রাজনৈতিক নেতা বেশি। রাজনীতির মঞ্চ ও সংস্কৃতির মঞ্চ এক হয়ে গেছে। রাজনীতিতে এখন আর কেউ কর্মী নেই, সবাই নেতা।”
সঙ্গীত শিল্পীদের অনুষ্ঠানে সঙ্গীতের স্বকীয়তা বজায় রাখার অনুরোধও করেন ওবায়দুল কাদের।
সংগঠনের আহ্বায়ক আশরাফ উদাসের সভাপতিত্বে বক্তব্য রাখেন স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মোল্লা আবু কাউসার, সাংগঠনিক সম্পাদক খায়রুল হাসান জুয়েল, সদস্য সচিব শহিদুল ইসলাম টিটু প্রমুখ।
