২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বঙ্গবন্ধুকে নিয়ে কুৎসা সহ্য করব না: আশরাফ

বঙ্গবন্ধুকে শুধু নিজেদের দলের মধ্যে সীমাবদ্ধ না রাখার পক্ষে অভিমত দিয়ে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলাম বলেছেন, মানুষ নিজউদ্যোগে তাকে তার জায়গায় বসাবে।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Sep 2015, 10:29 PM

Updated : 25 Apr 2022, 01:51 PM

শুক্রবার সন্ধ্যায় গণভবনে দলের কার্যনির্বাহী সংসদের বৈঠকের শুরুতেই প্রারম্ভিক বক্তব্যে তিনি এ কথা বলেন।

আশরাফ বলেন, “বঙ্গবন্ধু হলো সারা দেশের। আমরা চাই আর না চাই, একদিন বাংলাদেশের মানুষ স্বউদ্যোগে বঙ্গবন্ধুকে তার জায়গায় বসাবে।”

ভারতে মহাত্মা গান্ধী, পাকিস্তানে মোহাম্মদ আলী জিন্নাহ, দক্ষিণ আফ্রিকায় নেলসন ম্যান্ডেলা এবং যুক্তরাষ্ট্রে জর্জ ওয়াশিংটনকে নিয়ে কোনো বির্তক না হওয়ার কথা তুলে ধরে তিনি প্রশ্ন রাখেন, “বাংলাদেশে কেন বঙ্গবন্ধুকে কেন্দ্র করে এতো কথা?”

বঙ্গবন্ধুকে সার্বজনিন করার কথা অভিপ্রায় ব্যক্ত করে আশরাফ বলেন, “বঙ্গবন্ধু জাতির পিতা। উনি তো কেবল আওয়ামী লীগ নেতা না।”

মুক্তিযুদ্ধ, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং শেখ হাসিনার বিরুদ্ধে কোনো ধরনের ‘কুৎসা’ মেনে নেওয়া হবে না বলেও হুঁশিয়ারি উচ্চারণ করেন তিনি।

আওয়ামী লীগ মুখপাত্র বলেন, “মুক্তিযুদ্ধ, বঙ্গবন্ধু ও শেখ হাসিনার বিরুদ্ধে কোনো রকম কুৎসা এদেশের মানুষ আর মেনে নেবে না।”

বক্তব্যে তিনি বঙ্গবন্ধুর ৪০তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে আওয়ামী লীগের ৪০ দিনের অনুষ্ঠানে ২৮টি কর্মসূচিতে অংশ নেওয়ার অভিজ্ঞতা তুলে ধরেন।

তিনি বলেন, “এই অনুষ্ঠান শুধু আওয়ামী লীগের মধ্যে সীমাবদ্ধ ছিল না। সাধারণ মানুষও অংশ নেন।”

দলীয় কর্মসূচিতে দলীয় নেতা-কর্মীদের অংশগ্রহণে সন্তোষ প্রকাশ করে আগামীতে তা আরও বাড়ানোর কথা বলেন সৈয়দ আশরাফ।

শেখ হাসিনার সভাপতিত্বে সন্ধ্যা সাড়ে সাতটায় কার্যনির্বাহী সংসদের এই বৈঠক শুরু হয়।