২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

খালেদার দুই মামলার শুনানি ফের ১৭ সেপ্টেম্বর

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার বিরুদ্ধে সোয়া পাঁচ কোটি টাকা দুর্নীতির দুই মামলায় সাক্ষ্যগ্রহণ ও জেরার জন্য ১৭ সেপ্টেম্বর পরবর্তী দিন রেখেছে আদালত।

আদালত প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Sep 2015, 03:21 PM

Updated : 12 Oct 2022, 04:12 PM

পুরনো খবর:

দুই দুর্নীতি মামলার শুনানিতে খালেদা

বৃহস্পতিবার জিয়া দাতব্য ট্রাস্ট মামলায় তিন সাক্ষীর জেরা এবং এক সাক্ষীর জবানবন্দি শোনার পর ঢাকার তৃতীয় বিশেষ জজ আদালতের বিচারক আবু আহমেদ জমাদার এই দিন ঠিক করে দেন। 

বকশীবাজারে কারা অধিদপ্তরের মাঠে এ আদালতের বিশেষ এজলাসে জিয়া এতিমখানা ট্রাস্ট দুর্নীতি মামলার শুননিও চলছে।

মামলার শুনানিতে উপস্থিত থাকতে বেলা ১১টার দিকে আদালতে পৌঁছান সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া। অবশ্য তিনি পৌঁছানোর আগেই সাড়ে ১০টার দিকে আদালতের কার্যক্রম শুরু হয়ে যায়।

খালেদার আইনজীবী সানাউল্লাহ মিয়া এতিমখানা ট্রাস্ট দুর্নীতি মামলার সত্যায়িত অনুলিপি না পাওয়ার কথা বলে সময়ের আবেদন করলে বিচারক তা নথিভুক্ত করে রাখেন।

এদিন দাতব্য ট্রাস্ট মামলায় পূবালী ব্যাংকের সিনিয়র প্রিন্সিপাল অফিসার এইচ এম ইসমাইল, জনতা ব্যাংকের সাত মসজিদ রোড শাখার জিএম শেখ মকবুল আহমেদ এবং জনতা ব্যাংকের প্রথম সহকারী মহা ব্যবস্থাপক ফাহমিদা রহমানকে জেরা করেন আসামিপক্ষের আইনজীবীরা।

পরে সোনালী ব্যাংকের প্রধানমন্ত্রীর কার্যালয় শাখার ডিজিএম মো. হাফিজুর রহমান এ মামলায় সাক্ষ্য দেন।

তিনি জব্দ তালিকার একটি বিবরণ উপস্থাপন করতে শুরু করলে আসামিপক্ষের আইনজীবীরা এর বিরোধিতা করেন। এ সময় খানিকটা উত্তেজনা সৃষ্টি হয়। পরে বিচারক আপত্তি ওঠা অংশটুকু বাদ দিয়ে তার জবানবন্দি গ্রহণ করেন।

এরপর ১৭ সেপ্টেম্বর পরবর্তী দিন রেখে মামলার শুনানি মুলতবি করেন বিচারক।

এর আগে মামলার বাদী দুদকের উপ-পরিচালক হারুন অর রশিদ এবং এজহার গ্রহণকারী পুলিশ কর্মকর্তা মাহফুজুল হক ভূঁইয়া এ মামলায় সাক্ষ্য দিয়েছেন।

জিয়া এতিমখানা ট্রাস্ট দুর্নীতি মামলায় এ পর্যন্ত সাক্ষ্য দিয়েছেন মামলার বাদী দুদকের উপ-পরিচালক হারুন অর রশিদ, তবে তার জেরা বাকি রয়েছে।

এতিমদের সহায়তার জন্য একটি বিদেশি ব্যাংক থেকে আসা ২ কোটির বেশি অর্থ আত্মসাতের অভিযোগে ২০০৮ সালের ৩ জুলাই রমনা থানায় দুদক জিয়া এতিমখানা ট্রাস্ট দুর্নীতির মামলাটি করে।

জিয়া দাতব্য ট্রাস্ট মামলাটি হয় ২০১০ সালের ৮ আগস্ট তেজগাঁও থানায়। ট্রাস্টের নামে অবৈধভাবে ৩ কোটি ১৫ লাখ ৪৩ হাজার টাকা লেনদেনের অভিযোগ এনে এ মামলা করা হয়।

গত বছরের ১৯ মার্চ এ দুই দুর্নীতি মামলায় খালেদা জিয়ার বিরুদ্ধে অভিযোগ গঠন হয়। এরপর ৭ মে এই দুটি মামলার বিচারের জন্য বকশীবাজারের বিশেষ এজলাসে পাঠানো হয়।

বাদানুবাদ

জিয়া দাতব্য ট্রাস্ট মামলার রাষ্ট্রপক্ষের  তিন জন সাক্ষীর জেরা শেষ হলেও দুপুরে ৮ নম্বর সাক্ষীর জবানবন্দি শুরুর পর থেকেই শুরু হয় বাদানুবাদ আর উত্তেজনা।

রাষ্ট্রপক্ষের ৮ নম্বর সাক্ষী সোনালী ব্যাংক প্রধানমন্ত্রীর কার্যালয় শাখার উপ-মহাব্যবস্থাপক মো. হাফিজুর রহমান একজন জব্দ তালিকার সাক্ষী হিসাবে এ মামলায় শুধু জব্দ করা আলামতের নাম এবং ক্রমিক নম্বর উল্লেখ করার কথা থাকলেও ওই আলামতের বিষয়ে বিস্তারিত বিবরণ দিয়ে সাক্ষ্য দিতে গেলে গোলযোগের সূত্রপাত ঘটে।

সাক্ষী একটি নোটশিট তৈরি করে তা দেখে দেখে বিচারকের সামনে উল্লেখ করতে গেলেও খালেদা জিয়ার আইনজীবীরা তীব্র আপত্তি তোলেন।

এভাবে সাক্ষ্য দেয়া ও গ্রহণ করা আইনসম্মত নয় বলে আসামিদের পক্ষ থেকে বার বার আপত্তি তোলার পরও বিচারক তা গ্রাহ্য না করে সাক্ষ্য নিতে থাকেন।

আসামিপক্ষের একজন আইনজীবী মীর মো. নাসির তখন বিচারক আবু আহমেদ জমাদারের উদ্দেশে বলেন, “এতক্ষণ বসে বসে নীরবে শুনছিলাম। কোনো প্রতিবাদ করিনি। এটা আদালতের নর্মস নয়। আমিও ৪২ বছর আগে বিচারকের চেয়ারে বসতাম। এটাকে বিচার বলে না।

“কোনো সাক্ষী কোনো নোটশিট দেখে দেখে আদালতে এসে সাক্ষ্য দিতে পারেন না। সাক্ষী কেবল সাক্ষ্য আইনের ১৫৯ ধারা অনুযায়ী স্মৃতি জাগরিত করতে পারেন মাত্র। কিন্তু এ সাক্ষীর সাক্ষ্য খুব স্বল্প আয়তনের। তার দেখে দেখে বলা যুক্তিসংগত নয়।”

এ সময় বিচারক বলেন, “জব্দ তালিকার সাক্ষী কীভাবে কাগজপত্র না দেখে সাক্ষ্য দেবেন? এ সাক্ষী তো দুদকের সংশ্লিষ্ট কর্মকর্তার কাছে তালিকায় উল্লিখিত কাগজপত্র উপস্থাপন করেছেন। তবে তা নিয়ে বাধা দিচ্ছেন কেন?”

এ সময় খালেদা জিয়ার অন্য আইনজীবী মাহবুব উদ্দিন খোকন বিচারককে উদ্দেশ করে বলেন, “ওয়ান ইলেভেনে আমরা যে চরিত্রের আদালত দেখেছি। আপনার আদালতও সেরকম। তখন সেনাবাহিনীর মেজর আসত রাষ্ট্রপক্ষে। তার ইশারায় অনেককিছু হত।”

তার এ বক্তব্যে বিচারক আপত্তি তোলেন।

এক পর্যায়ে খালেদার অন্য আইনজীবী রেজাক খান বলেন, এই সাক্ষী জব্দ তালিকার আলামত প্রমাণ (প্রুভ) করতে পারেন না। তিনি তদন্ত কর্মকর্তা নন।

খোকন বলেন, “তিনি (সাক্ষী) তো তদন্ত কর্মকর্তার মতো সাক্ষ্য দিচ্ছেন। এটি বেআইনি।”

এতেও বিচারক তাদের দাবি না মানলে আসামিপক্ষের আইনজীবীরা অনাস্থার দাবি তুলে আবেদন লিখে তা জমা দিতে উদ্যত হন।

এ সময় খালেদার আইনজীবীদের অন্যতম সানাউল্লাহ মিয়া, মাসুদ আহমেদ তালুকদারও সাক্ষীর সাক্ষ্যের গ্রহণযোগ্যতা নিয়ে জোর গলায় বক্তব্য রাখেন।

দুদকের আইনজীবী মোশাররফ হোসেন কাজল সবাইকে শান্ত হতে বলে অন্য পক্ষের আইনজীবীদের দাবির বিষয়ে নরম হওয়ার সঙ্গে সঙ্গে উত্তেজনা মিইয়ে আসে, আর বাদানুবাদ বন্ধ হয়ে যায়।

বিচারক তখন হাফিজুরের জবানবন্দির যেটুকুতে আপত্তি আছে সেটুকু বাদ দিয়ে পুনঃলিখন (রি রাইট) করলে পরিস্থিতি শান্ত হয়ে যায়।