নাজমুল হুদার খালাসের রায় বাতিল
হাই কোর্টের এক রায়ে ১২ বছর কারাদণ্ড থেকে রেহাই পেয়েছিলেন নাজমুল হুদা, কিন্তু তা বাতিল করে দিয়েছে আপিল বিভাগ। ফলে সাবেক এই মন্ত্রীকে আবার শুনানিতে যেতে হচ্ছে।
অবৈধ সম্পদ অর্জনের দায়ে বিচারিক আদালতের দণ্ড থেকে খালাস দিয়ে হাই কোর্টের ওই রায় সোমবার বাতিল করেছে আপিল বিভাগ।
মামলাকারী দুর্নীতি দমন কমিশনের আপিলের আবেদন নিষ্পত্তি করে সর্বোচ্চ আদালতের এই আদেশ আসে বলে কমিশনের আইনজীবী খুরশীদ আলম খান সাংবাদিকদের জানিয়েছেন।
আপিল বিভাগ হাই কোর্টে নতুন করে শুনানি শুরুর নির্দেশ দিয়েছে।
সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সাবেক সভাপতি ব্যারিস্টার হুদা নিজেই নিজের পক্ষে শুনানি করেন।
খালেদা জিয়ার দুটি সরকারের মন্ত্রী নাজমুল হুদা বিএনপি থেকে বেরিয়ে এখন বাংলাদেশ ন্যাশনাল অ্যালায়েন্স (বিএনএ) নামে একটি রাজনৈতিক জোটের নেতৃত্ব দিচ্ছেন।
২০০৭ সালে জরুরি অবস্থা জারির পর গ্রেপ্তার অবস্থায় অনেক রাজনীতিকের মতো নাজমুল হুদার বিরুদ্ধেও আয়ের সঙ্গে সঙ্গতিহীন সম্পদ অর্জনের অভিযোগে মামলা হয়।
২০০৭ সালের ১১ জুলাই করা এই মামলায় বিচারিক আদালত ২০০৮ সালের ৩ এপ্রিল নাজমুল হুদাকে দুই ও ১০ বছরের কারাদণ্ড এবং এক কোটি টাকা জরিমানা করে।
এই রায়ের বিরুদ্ধে নাজমুল হুদা হাই কোর্টে গেলে ২০১০ সালের ১৮ অগাস্ট তিনি খালাস পান।
এরপর গত বছরের ২৩ মার্চ দুদক হাই কোর্টের দেওয়া খালাসের রায়ের বিরুদ্ধে আপিলের আবেদন (লিভ টু আপিল) করে।
এর আগে আওয়ামী লীগ নেতা, ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনামন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়াকে এই ধরনের মামলায় হাই কোর্টের দেওয়া খালাসের রায় বাতিল করেছিল আপিল বিভাগ।
