জরিপের ফলাফলে বিএনপি-জামায়াতের ঘুম হারাম: হাছান
যুক্তরাষ্ট্রের একটি গবেষণা প্রতিষ্ঠানের জরিপে জনসমর্থনে ‘ভরাডুবি’ দেখে বিএনপি-জামায়াতের ‘ঘুম হারাম’ হয়ে গেছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক হাছান মাহমুদ।
সোমবার এক মানববন্ধনে অংশ নিয়ে তিনি বলেন, “যুক্তরাষ্ট্রের গবেষণা প্রতিষ্ঠান আইআরআইয়ের রিপোর্টে বিএনপির করুণ চিত্র ফুটে উঠেছে। তাই বিএনপি-জামায়াতের ঘুম হারাম হয়ে গেছে।
“এখনই বিএনপিকে ক্ষমা চেয়ে নতুন ধারার রাজনীতি শুরু করতে হবে। এটা বেগম খালেদা জিয়া বুঝতে না পারলেও বিএনপির অনেক নেতা বুঝতে পেরেছেন। তাই সিদ্ধান্ত তাদেরকেই নিতে হবে।”
ইন্টারন্যাশনাল রিপাবলিকান ইন্সটিটিউটটের (আইআরআই) ওই জরিপ প্রতিবেদনে বলা হয়, ২০১৪ সালে ৫ জানুয়ারির পর গত দেড় বছরে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার সরকারের প্রতি জনসমর্থন বেড়ে যথাক্রমে ৬৭ ও ৬৬ শতাংশে পৌঁছেছে।
উত্তরদাতাদের ৬০ শতাংশ বলেছেন, তারা আওয়ামী লীগকে পছন্দ করেন। আর বিএনপিকে যত লোক পছন্দ (৪২ শতাংশ) করার কথা বলেছেন, তার চেয়ে অপছন্দ (৪৬ শতাংশ) করার কথা বলেছেন বেশি উত্তরদাতা।
এ জরিপ নিয়ে প্রশ্ন তুলে বিএনপি ইতোমধ্যে বলেছে, এর সঙ্গে বাস্তবতার কোনো মিল নেই।
গত শনিবার এক সংবাদ সম্মেলনে বিএনপির মুখপাত্র আসাদুজ্জামান রিপন জরিপের ফলাফলকে ‘বিভ্রান্তিকর’ বলেন।
হাছান মাহমুদ বলেন, “বিএনপি নেত্রী বেগম খালেদা জিয়াকে নেতৃত্ব থেকে বাদ না দিলে বিএনপি আর ঘুরে দাঁড়াতে পারবে না। পেট্রোল বোমা মেরে মানুষ হত্যার রাজনীতি করে বিএনপির জনপ্রিয়তা এখন তলানীতে। আর মানুষ হত্যার মধ্য দিয়ে বিএনপি যে অপরাজনীতি করেছে, তার মধ্যেও মার্কিন রিপোর্টে প্রকাশিত হয়েছে, প্রধানমন্ত্রীর জনপ্রিয়তা ৬৩ শতাংশ।”
এই আওয়ামী লীগ নেতা বিএনপির উদ্দেশে বলেন, “ভিন্ন সুরে কথা না বলে, মার্কিন রিপোর্টকে আমলে নিয়ে নিজেদের ঢেলে সাজিয়ে রাজনীতিতে আসুন।”
বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট জাতীয় প্রেসক্লাবের সামনে এই মানববন্ধনের আয়োজন করে। জোটের সহ-সভাপতি অভিনেতা ড. ইনামুল হকের সভাপতিত্বে অন্যদের মধ্যে ঢাকা মহানগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শাহে আলম মুরাদ, বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের সাধারণ সম্পাদক অরুণ সরকার রানা, আওয়ামী লীগ নেতা বলরাম পোদ্দার এ সময় বক্তব্য দেন।
