২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গ্যাস-বিদ্যুতের দাম বাড়ানোর প্রতিবাদে চট্টগ্রামে বিএনপির সমাবেশ

গ্যাস-বিদ্যুতের দাম বাড়ানোর প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে চট্টগ্রাম নগরীতে সমাবেশ করেছে বিএনপি।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Sep 2015, 09:06 PM

Updated : 12 Oct 2022, 04:12 PM

রোববার বিকালে নাসিমন ভবনে দলীয় কার্যালয়ের সামনে এই সমাবেশ থেকে অবিলম্বে গ্যাস-বিদ্যুতের দাম কমানো না হলে জনগণকে সঙ্গে নিয়ে তীব্র লড়াই-সংগ্রাম গড়ে তোলার হুমকি দেওয়া হয়।

এ বছরের ৫ জানুয়ারি চট্টগ্রামে দলীয় কার্যালয়ের সামনে ২০ দলের সমাবেশে সংঘর্ষের আট মাস পরে বাইরে এটাই বিএনপির প্রথম বিক্ষোভ কর্মসূচি। এই সময়ের মধ্যে বিভিন্ন ঘরোয়া কর্মসূচি পালন করেছিল তারা।

মহানগর কমিটির সাধারণ সম্পাদক শাহাদাত হোসেনের নেতৃত্বে রোববারের প্রতিবাদ কর্মসূচিতে সভাপতিসহ দলের জ্যেষ্ঠ নেতাদের দেখা যায়নি।

সমাবেশে শাহাদাত বলেন, “কোনো কারণ ছাড়াই সরকার গ্যাস-বিদ্যুতের দাম বাড়িয়েছে। এর সাথে নিত্য প্রয়োজনীয় পণ্যের দামের ঊর্ধ্বগতি জনজীবন অসহনীয় করে তুলেছে।”

সারাদেশে বিএনপি ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীদের গ্রেপ্তার ও মামলার নিন্দাও জানান তিনি।

চট্টগ্রাম মহানগর বিএনপির সহ-সভাপতি আবু সুফিয়ানের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন সাবেক সাংসদ বেগম রোজী কবীর, মহিলা দলের সভানেত্রী মনোয়ারা বেগম মনি, বিএনপি নেতা জিএম আইয়ুব খান, মোহাম্মদ আলী, ইয়াছিন চৌধুরী লিটন, ছাত্রদলনেতা গাজী সিরাজ প্রমুখ।

এর আগে গত ২৯ সেপ্টেম্বর বিএনপির পক্ষ থেকে গ্যাস-বিদ্যুতের দাম বৃদ্ধির প্রতিবাদে চট্টগ্রাম প্রেস ক্লাব চত্বরে মানববন্ধন করতে গেলে পুলিশ বাধা দেয়।

এছাড়া ১ সেপ্টম্বর বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর দিন নগরীর ষোলশহরের বিপ্লব উদ্যানে পুষ্পমাল্য অর্পণ করতে গেলে অনুমতি না থাকার কথা বলে পুলিশ তা করতে দেয়নি।