ফিরোজ রশীদের আক্ষেপের পর হাজি সেলিমের গান
সরকারি প্লট না পেয়ে সংসদে জাতীয় পার্টির নেতা কাজী ফিরোজ রশীদের আক্ষেপ শুনে তাকে ‘পরকালের’ কথা গানে গানে মনে করিয়ে দিলেন আওয়ামী লীগ নেতা হাজি মোহাম্মদ সেলিম।
রোববার জাতীয় সংসদে রাজউকের পূর্বাচল প্রকল্পে নিজের ছেলের প্লট না পাওয়ায় কথা তুলে ধরে আক্ষেপ জানান ফিরোজ রশীদ।
অনির্ধারিত আলাচনায় দাঁড়িয়ে জাতীয় পার্টির এই সংসদ সদস্য বলেন, “পৌনে ৫০০ প্লট জালিয়াতি! পূর্তমন্ত্রী বলেছেন, তার সময়ে এটি হয়নি। ৬১৫০ একর বিশাল জায়গা নিয়ে জালিয়াতি হল। কে জবাব দেবে?
“১/১১ এর শেষের দিকে প্লটের জন্য দরখাস্ত আহ্বান করা হল। ঢাকা স্টক এক্সচেঞ্জ থেকে আমরা ২১ জন আবেদন করলাম। ততদিনে নির্বাচনের হওয়া। আওয়ামী লীগ নির্বাচনের পরে এসব প্লটের বরাদ্দ দেওয়া হবে। নতুন সরকারের মন্ত্রী বরাদ্দ শুরু করলেন। ১৯ জন বরাদ্দ পেল, পেলাম না শুধু ২ জন। আমি আর আমার ছেলে।”
কাজী ফিরোজ রশীদ, ফাইল ছবি
“আমার প্লট চাই না। টাকাও তুলি নাই। শুধু একটাই দুঃখ; আমার ছেলে বলেছে, ‘বাবা, তোমার সন্তান বলে আমি প্লট পেলাম না,” বলেন জাতীয় পার্টির সভাপতিমণ্ডলীর এই সদস্য।
তৎকালীন গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী আব্দুল মান্নান খানের সমালোচনা করে ফিরোজ বলেন, “আমরা ভিন্ন রাজনীতি করি বলে প্লট বরাদ্দ দেওয়া হল না। তিনি বললেন, ‘এনিয়ে জানতে চাইবেন না, প্রধানমন্ত্রীর নির্দেশ আছে’।
“তাহলে প্রধানমন্ত্রী কি মন্ত্রীকে দিয়ে পৌনে পাঁচশ প্লটে জালিয়াতি করিয়েছেন? এতবড় দুর্নীতি বাংলাদেশে আগে হয়নি। ৫০টি প্লটের কোনো হিসাব নেই।”
জগন্নাথ কলেজ ছাত্রলীগের এক সময়ের নেতা ফিরোজ রশীদ সাবেক প্রতিমন্ত্রী মান্নান খানের ছাত্র ইউনিয়নে সম্পৃক্ততার দিকে ইঙ্গিত করে বলেন, “আমরা যখন বঙ্গবন্ধুর সঙ্গে... জেল খাটছি। তিনি তখন অন্য জগতের মানুষ। মন্ত্রী হলে এরা দেশটাকে বিক্রি করে দেয়।”
“যে সমস্ত লোক জীবনে আওয়ামী লীগ করে নাই... হাইব্রিড নেতারা আওয়ামী লীগে যোগ দিয়ে দেশকে কলুষিত করছে,” বলেন আওয়ামী লীগ ছেড়ে এইচ এম এরশাদের দলে ভেড়া ফিরোজ।
হাজি সেলিম
জাতীয় পার্টির নেতার পর বক্তব্য দিতে দাঁড়িয়ে পুরান ঢাকার সংসদ সদস্য হাজি সেলিম গেয়ে ওঠেন, “থাকব না আর এদেশে/ চলে যাব অন্য দেশে...।”
“ফিরোজ ভাই, জায়গা জমি কিছুই থাকবে না। খালি হাতে যেতে হবে,” জাতীয় পার্টি নেতাকে উদ্দেশ করে বলেন আওয়ামী লীগের মনোনয়ন না পেয়ে স্বতন্ত্র প্রার্থী হিসেবে জয়ী দলের ঢাকা মহানগর শাখার এই নেতা।
