২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

খনি মামলা: খালেদার আবেদনে আদেশ রোববার

বড় পুকুরিয়া খনি দুর্নীতি মামলায় নিম্ন আদালতের নথি এবং দুদকের চূড়ান্ত প্রতিবেদন দাখিলের নির্দেশনা চেয়ে খালেদা জিয়ার আবেদনের উপর রোববার আদেশ দেবে হাই কোর্ট।

সুপ্রিম কোর্ট প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Aug 2015, 08:06 PM

Updated : 25 Apr 2022, 01:45 PM

বিচারপতি মো. নুরুজ্জামান ও বিচারপতি আবদুর রবের হাই কোর্ট বেঞ্চ দুই আবেদনের শুনানি শেষে বুধবার আদেশের এ দিন ঠিক করেন।

মঙ্গলবার নিম্ন আদালতের নথি তলব এবং দুদকের চূড়ান্ত প্রতিবেদন হাই কোর্টে দাখিলের নির্দেশনা চেয়ে আবেদন করেন খালেদার আইনজীবীরা।

বুধবার আবেদন দুটির পক্ষে শুনানি করেন ব্যারিস্টার রাগীব রউফ চৌধুরী ও আইনজীবী জাকির হোসেন ভূইয়া। দুদকের পক্ষে শুনানিতে ছিলেন আইনজীবী খুরশীদ আলম খান।

বড় পুকুরিয়া খনি দুর্নীতি মামলা বাতিল চেয়ে খালেদার আবেদনের পরিপ্রেক্ষিতে হাই কোর্টের দেওয়া রুলের উপর এই আদালতে শুনানি চলছে। শুনানির পর্যায়ে মঙ্গলবার খালেদার আইনজীবীরা ওই দুটি আবেদন করেন।

ব্যরিস্টার রাগিব বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “আবেদন দুটির ওপর শুনানি শেষ হয়েছে। আদালত রোববার আদেশের দিন ধার্য করেছেন।”

সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া, ১০ মন্ত্রীসহ ১৬ জনের বিরুদ্ধে বিগত সেনা নিয়ন্ত্রিত তত্ত্বাবধায়ক সরকারের আমলে খনি দুর্নীতির মামলাটি হয়।

২০০৮ সালের ২৬ ফেব্রুয়ারি শাহবাগ থানায় মামলার পর ৫ অক্টোবর ১৬ জনের বিরুদ্ধেই আদালতে অভিযোগপত্র দেয় দুদক।

এতে বলা হয়, চীনা প্রতিষ্ঠান কনসোর্টিয়াম অফ চায়না ন্যাশনাল মেশিনারিজ ইম্পোর্ট অ্যান্ড এক্সপোর্ট কর্পোরেশনের (সিএমসি) সঙ্গে বড় পুকুরিয়া কয়লা খনির উৎপাদন, ব্যবস্থাপনা ও রক্ষণাবেক্ষণ চুক্তি করার মধ্য দিয়ে আসামিরা রাষ্ট্রের প্রায় ১৫৮ কোটি ৭১ লাখ টাকা ক্ষতি করেছেন।

২০০৮ সালের ১৬ অক্টোবর খালেদার বিরুদ্ধে এ মামলার কার্যক্রম তিন মাসের জন্য স্থগিত করে হাই কোর্ট। মামলাটি কেন বাতিল করা হবে না, তা জানতে চেয়ে রুলও দেওয়া হয়। হাই কোর্টের ওই আদেশ আপিলেও বহাল থাকায় আটকে যায় খনি দুর্নীতি মামলা।

সাত বছর পর চলতি বছরের শুরুতে দুদক মামলাটি সচল করার উদ্যোগ নিলে হাই কোর্টের দেওয়া রুলের চূড়ান্ত শুনানি শুরু হয়।