২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

লতিফ সিদ্দিকীর রিট আবেদনে আদেশ বৃহস্পতিবার

সংসদ সদস্যপদ থাকবে কি না- সে বিষয়ে নির্বাচন কমিশনের তলব চ্যালেঞ্জ করে আওয়ামী লীগের বহিষ্কৃত নেতা আবদুল লতিফ সিদ্দিকীর করা রিট আবেদনের বিষয়ে উচ্চ আদালতের আদেশ জানা যাবে বৃহস্পতিবার।

সুপ্রিম কোর্ট প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Aug 2015, 08:03 PM

Updated : 22 Aug 2022, 01:02 PM

বুধবার রিট আবেদনটির উপর দ্বিতীয় দিনের শুনানি নিয়ে বিচারপতি মো. এমদাদুল হক ও বিচারপতি মুহাম্মদ খুরশিদ আলম সরকারের বেঞ্চ আদেশের দিন ঠিক করেন।

আদালতে লতিফ সিদ্দিকীর পক্ষে শুনানি করেন কামরুল হক সিদ্দিকী। সঙ্গে ছিলেন ব্যারিস্টার জ্যোতির্ময় বড়ুয়া।

রাষ্ট্রপক্ষে ছিলেন অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল মুরাদ রেজা। সঙ্গে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল খোরশেদুল আলম।   

সাংসদ পদ বাতিলের বিষয়ে নির্বাচন কমিশনের শুনানিতে তলবকে চ্যালেঞ্জ করে গত রোববার এই আবেদন করেন লতিফ সিদ্দিকী। ওইদিন শুনানির পর বুধবার পরবর্তী দিন রেখেছিল আদালত।

গত বছর সেপ্টেম্বরে যুক্তরাষ্ট্রে এক অনুষ্ঠানে হজ নিয়ে মন্তব্য করে লতিফ সিদ্দিকী মন্ত্রিত্বের সঙ্গে ক্ষমতাসীন আওয়ামী লীগ থেকে বহিষ্কৃত হন। দেশে ফেরার পর ওই মন্তব্যকে কেন্দ্র করে বিভিন্ন মামলায় নয় মাস কারাগারে কাটাতে হয় টাঙ্গাইলের এই সাংসদকে। সম্প্রতি জামিনে মুক্তি পান তিনি।

লতিফকে বহিষ্কারের আট মাস পর বিষয়টি জানিয়ে আওয়ামী লীগের পাঠানো চিঠি গত ৫ জুলাই স্পিকার শিরীন শারমিনের হাতে পৌঁছায়। এরপর সংবিধান, মেম্বার অফ পার্লামেন্ট (ডিটারমিনেশন অব ডিসপিউট) অ্যাক্ট, সংসদীয় কার্যপ্রণালী বিধি ও গণপ্রতিনিধিত্ব আদেশ মেনে বিতর্ক নিষ্পত্তির কার্যক্রম নেওয়া হয়।

এ অবস্থায় লতিফের সংসদ সদস্য পদ থাকবে কি না, তা মীমাংসার জন্য গত ১৩ জুলাই প্রধান নির্বাচন কমিশনারকে চিঠি দেন স্পিকার শিরীন শারমিন চৌধুরী।

এ পরিপ্রেক্ষিতে মেম্বার অব পার্লামেন্ট (ডিটারমিনেশন অব ডিসপিউট) অ্যাক্ট অনুযায়ী ১৬ জুলাই আওয়ামী লীগ সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলাম ও লতিফ সিদ্দিকীকে লিখিত বক্তব্য দিতে বলে ইসি। ২ অগাস্ট দু’জনই তাদের জবাব কমিশনে পাঠান।

আশরাফের চিঠিতে বলা হয়, দল থেকে বহিষ্কৃত হওয়ায় লতিফ সিদ্দিকীর সংসদ সদস্যপদ না থাকাই সঙ্গত। অন্যদিকে লতিফ সিদ্দিকী তার সংসদ সদস্যপদ খারিজের বিষয়ে সিদ্ধান্ত ইসিকে না নিয়ে তার ভার সংসদের উপর ছেড়ে দেওয়ার আহ্বান জানান। এরপরই শুনানির সিদ্ধান্ত নেয় ইসি।

গত ৯ অগাস্ট নির্বাচন কমিশনের পক্ষ থেকে লতিফ ও আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলামকে আগামী ২৩ অগাস্ট শুনানিতে হাজির হতে চিঠি দেওয়া হয়।

লতিফ যে রিট আবেদন করেছেন, তাতে কমিশনের দেওয়া চিঠির কার্যকারিতা স্থগিতের আরজি জানানোর পাশাপাশি ওই চিঠি কেন বেআইনি ঘোষণা করা হবে না- তা জানতে রুলও চাওয়া হয়েছে।

নির্বাচন কমিশন, আইন সচিব, নির্বাচন কমিশনের উপসচিব (আইন) ও জাতীয় সংসদের স্পিকারকে এই রিট আবেদনে বিবাদী করেছেন লতিফ।

দ্বিতীয় দিনের শুনানিতে অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল মুরাদ রেজা বলেন, “উনি কিভাবে (ইসির চিঠির বিষয়ে) সংক্ষুব্ধ হয়েছেন সেটা দেখছি না। বিতর্ক ওঠায় স্পিকার বিষয়টি নির্বাচন কমিশনে পাঠিয়েছেন। এখানে প্রক্রিয়াগত ত্রুটি থাকলে সংক্ষুব্ধ হওয়ার সুযোগ ছিল।”

এর আগে লতিফের আইনজীবী কামরুল হক সিদ্দিকী তার শুনানির বাকি অংশ শেষ করেন।

এমএফ/ এএইচএস/ ১৩৪৭ ঘ.

রিলেটেড

পুরনো খবর:

ইসির তলব চ্যালেঞ্জ করে হাই কোর্টে লতিফ
লতিফ সিদ্দিকী-আশরাফকে ২৩ অগাস্ট ডেকেছে ইসি