২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

লতিফ সিদ্দিকী-আশরাফকে ২৩ অগাস্ট ডেকেছে ইসি

বহিষ্কৃত আব্দুল লতিফ সিদ্দিকীর সংসদ সদস্যপদের বিষয়ে সিদ্ধান্তে তার সঙ্গে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলামকে আগামী ২৩ অগাস্ট নির্বাচন কমিশনের শুনানিতে থাকতে হবে।   

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Aug 2015, 09:07 PM

Updated : 22 Aug 2022, 12:59 PM

শুনানিতে উপস্থিত হতে রোববার নির্বাচন কমিশনের আইন শাখার উপ সচিব মো. সেলিম মিয়া এ দুজনের কাছে বিশেষ বাহক মারফত চিঠি পাঠান।

চিঠিতে বলা হয়, “আপনার জবাবের পরিপ্রেক্ষিতে বিষয়টির শুনানির লক্ষ্যে ২৩ অগাস্ট রোববার সকাল ১১টায় ইসির সম্মেলন কক্ষে উপস্থিত হওয়ার অনুরোধ করছি।”

স্পিকার শিরীন শারমিন চৌধুরীকেও এই চিঠির একটি অনুলিপি দেওয়া হয়েছে বলে ইসি কর্মকর্তারা জানিয়েছেন। তার চিঠি পেয়েই লতিফ সিদ্দিকীর বিষয়ে এই পদক্ষেপ নিয়েছে ইসি। 

গত বছরের সেপ্টেম্বরে যুক্তরাষ্ট্রে এক অনুষ্ঠানে হজ নিয়ে মন্তব্যের কারণে বিভিন্ন মহলের দাবির মুখে লতিফ সিদ্দিকীকে মন্ত্রিসভা থেকে সরানোর পাশাপাশি দল থেকেও বহিষ্কার করে আওয়ামী লীগ।

দেশে ফেরার পর ওই মন্তব্যকে কেন্দ্র করে বিভিন্ন মামলায় নয় মাস কারাগারে কাটাতে হয় টাঙ্গাইলের এই সাংসদকে। সম্প্রতি জামিনে মুক্তি পান ৭৭ বছর বয়সী এই রাজনীতিক।

লতিফকে বহিষ্কারের আট মাস পর বিষয়টি জানিয়ে আওয়ামী লীগের পাঠানো চিঠি গত ৫ জুলাই স্পিকার শিরীন শারমিনের হাতে পৌঁছায়।

স্পিকার শিরীন শারমিন চৌধুরী ১৩ জুলাই দশম সংসদের টাঙ্গাইল-৪ আসন থেকে নির্বাচিত সাংসদ লতিফ সিদ্দিকীর আসন সম্পর্কিত বিরোধ নিষ্পত্তির প্রশ্নে ইসিতে চিঠি পাঠান।

এ পরিপ্রেক্ষিতে মেম্বার অব পার্লামেন্ট (ডিটারমিনেশন অব ডিসপিউট) অ্যাক্ট অনুযায়ী ১৬ জুলাই আওয়ামী লীগ সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলাম ও লতিফ সিদ্দিকীকে লিখিত বক্তব্য দিতে বলে ইসি।

২ অগাস্ট দু’জনই তাদের জবাব কমিশনে পাঠায়। এরপরই শুনানির সিদ্ধান্ত নেয় ইসি।

আশরাফের চিঠিতে বলা হয়, দল থেকে বহিষ্কৃত হওয়ায় লতিফ সিদ্দিকীর সংসদ সদস্যপদ না থাকাই সঙ্গত।

অন্যদিকে লতিফ সিদ্দিকী তার সংসদ সদস্যপদ খারিজের বিষয়ে সিদ্ধান্ত ইসিকে না নিয়ে তার ভার সংসদের উপর ছেড়ে দেওয়ার আহ্বান জানান।

পুরনো খবর:

মন্ত্রিত্ব-দলীয় পদ সবই খোয়ালেন লতিফ সিদ্দিকী
জামিনে মুক্ত লতিফ সিদ্দিকী হাসপাতাল ছাড়লেন
লতিফ সিদ্দিকী: সিইসির কাছে স্পিকারের চিঠি
লতিফ সিদ্দিকীর বিষয়ে আশরাফের কাছে ইসির চিঠি
লতিফ সিদ্দিকীর সাংসদ পদ বাতিলে ইসিতে আওয়ামী লীগের চিঠি
আ.লীগ ভুল করেছে: লতিফ