‘একদিন বিএনপি কার্যালয়ে শোক দিবস পালিত হবে’
জাতীয় শোক দিবসে জন্মদিন পালন করায় খালেদা জিয়ার সমালোচনা করে আওয়ামী লীগ নেতা হাছান মাহমুদ বলেছেন, সেইদিন আর দূরে নয় যেদিন জনগণ বিএনপি কার্যালয়ে বঙ্গবন্ধুর শাহাদাৎ বার্ষিকী পালন করবে।
সোমবার দুপুরে জাতীয় প্রেস ক্লাবে এক আলোচনা সভায় তিনি এ মন্তব্য করেন।
হাছান বলেন, “খালেদা জিয়া গুলশান কার্যালয়ে যখন জন্মদিন পালন করছেন ঠিক সেই সময়ে তার নিজ বাড়ি ফেনীতে বঙ্গবন্ধু শেখ মুজিবের শাহাদাৎ বার্ষিকী পালিত হয়েছে। সেদিন বেশি দূরে নয়, বিএনপি কার্যালয়েই বঙ্গবন্ধুর শাহাদাৎ বার্ষিকী পালিত হবে।”
জাতীয় শোক দিবস উপলক্ষে ওই আলোচনা সভার আয়োজন করে আওয়ামী লীগ।
দলের প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক হাছান আরও বলেন, “আমরা আশা করেছিলাম, বেগম খালেদা জিয়া তার মিথ্যা জন্মদিনের কেক কাটবেন না। কিন্তু উনি (খালেদা) ঠিকই কেক কাটলেন। এজন্য জনগণও তাকে জবাব দেওয়া শুরু করেছে। কারো বাড়ির আঙিনায় সেই বাড়ির লোকদের সহযোগিতা ছাড়া শাহাদাৎ বার্ষিকী পালিত হওয়া সম্ভব নয়।”
ফেনীর ফুলগাজীতে খালেদা জিয়ার পৈত্রিক বাড়ির আঙিনায় ১৫ অগাস্ট জাতীয় শোক দিবসের সভা ও কাঙালি ভোজ অনুষ্ঠিত হয়। বিএনপি চেয়ারপারসনের বাবা এস্কান্দার মজুমদারের এটি আদি বাড়ি। পরে তিনি দিনাজপুরে পাড়ি জমান, খালেদার বেড়ে ওঠাও সেখানে।
বিএনপি নেত্রীর দুই পাশে আফগানিস্তানের প্রশিক্ষণপ্রাপ্ত জঙ্গি নেতারা বসে থাকেন বলেও দাবি করেন সাবেক মন্ত্রী হাছান।
তিনি বলেন, “বিএনপি-জামায়াত বাংলাদেশে জঙ্গিবাদের অভয়ারণ্য বানিয়েছিল। বাংলাদেশ থেকে জঙ্গিবাদ সাম্প্রদিকয়তা দূর করতে হলে বিএনপিকে চিরতরে দমন করতে হবে।”
খালেদা জিয়া সম্পর্কে হাছান মাহমুদ বলেন, যে বয়সে নাতি-নাতনির কেক কেটে জন্মদিন পালন করার কথা সে বয়সে তিনি নিজেই কেক কেটে জন্মদিন পালন করছেন। এটা বিকৃত মানসিকতা ও সন্ত্রাসীদের উৎসাহিত করা ছাড়া আর কিছুই নয়। আমি আশা করব খালেদার শুভবুদ্ধির উদয় হবে।”
আলোচনা সভায় আরও বক্তব্য রাখেন, আওয়ামীলীগের কেন্দ্রীয় উপকমিটির সহ-সম্পাদক বলরাম পোদ্দার, এম এ করিম, বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের সাধারণ সম্পাদক অরুন সরকার রানা প্রমুখ।
