মাগুরায় আ. লীগের দুপক্ষের সংঘর্ষে নিহত ১
মাগুরা সদর উপজেলার একটি ইউনিয়নে স্থানীয় আওয়ামী লীগের দুপক্ষের সংঘর্ষে একজন নিহত হয়েছে।
সদর উপজেলার শত্রুজিৎপুর পুলিশ ফাঁড়ির এসআই শেখ আবু হেনা মিলন জানান, বৃহস্পতিবার সকালে শত্রুজিৎপুর ইউনিয়নের রুপদহ সুন্দরপুর গ্রামের এঘটনায় আরো অন্তত ১৭ জন আহত হয়েছেন।
নিহত নান্নু শেখ (৪৫) ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ইকলাসের সমর্থক।
একই ইউনিয়নের আওয়ামী লীগ সহ-সভাপতি সালাম হাজির সঙ্গে ইকলাসের সমর্থকদের এই সংঘর্ষের সময় বেশ কয়েকটি বাড়িতে ভাংচুর করা হয়।
মাগুরা সদর হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক অমর প্রসাদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, সকালে আহত ১৬/১৭ জনকে হাসপাতালে ভর্তি করা হয়। এদের মধ্যে নান্নু নামে একজনের মৃত্যু হয়।
স্থানীয় আওয়ামী লীগের নেতাকর্মীরা জানান, গত ২১ জুলাই উপজেলা পরিষদের চেয়াম্যান পদে উপ-নির্বাচনের সময় দুপক্ষের মধ্যে সৃষ্ট বিরোধের জের ধরে এ সংঘর্ষ হয়।
নির্বাচনে সালাম হাজির সমর্থকরা আওয়ামী লীগ প্রার্থী রুস্তম আলীর পক্ষে কাজ করে। অন্যদিকে ইখলাসের সমর্থকরা জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আবু নাসির বাবলুকে সমর্থন করে। নির্বাচনে জয়ী হয় রুস্তম আলী।
হাসপাতালে চিকিৎসাধীন আছাদুজ্জামান নামে আহত একজন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “নির্বাচনপরবর্তী সময়ে জয়-পরাজয় নিয়ে দুই পক্ষের মধ্যে নতুন করে উত্তেজনা সৃষ্টি হয়। বৃহস্পতিবার সকালে সালামের সমর্থকেরা নান্নু শেখকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর জখম করে ও তার সমর্থিত লোকদের বাড়ি ঘরে ভাংচুর-লুটপাট চালায়। এর পর দুপক্ষের মধ্যে সংঘর্ষ বেঁধে যায়।
“এসময় দুপক্ষের হামলা-পাল্টা হামলায় অন্তত ৩০ জন আহত হয়। ২৫ থেকে ৩০টি বাড়িতে ভাংচুর লুটপাট চালানো হয়।”
এসআই মিলন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, পরে পুলিশ এসে কাঁদুনে গ্যাস ও রাবার বুলেট ছুড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
সংঘর্ষের ঘটনায় এখনও কাউকে আটক করতে পারেনি পুলিশ।
নিজ সমর্থককে হত্যা ও সংঘর্ষের জন্য প্রতিপক্ষকে দায়ী করেছেন ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ইকলাস শেখ ।
তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, সালাম হাজীর লোকেরা তার সমর্থকদের উপর আকস্মিকভাবে বিনা কারণে হামলা চালিয়েছে, নান্নুকে কুপিয়ে হত্যা করেছে।
এ সময় তারা তার সমর্থকদের বাড়ি ঘরে ব্যাপক ভাঙচুর ও লুটপাট চালায় বলেও অভিযাগ করেন তিনি।
পাল্টা অভিযোগ করে সালাম হাজী বলেন, নির্বাচনের দিন বিকেলে ইকলাস গ্রুপ তার লোকদের উপর হামলার পরিকল্পনা করেছিল। তাৎক্ষণিকভাবে তিনি টের পেয়ে বিষয়টি পুলিশকে জানিয়েছিলেন।
“আজ সকালে তারা সংঘবদ্ধ অবস্থায় অস্ত্রসজ্জিত হয়ে উত্তর পাড়া থেকে পশ্চিম পাড়া পর্যন্ত তার সমর্থকদের ৩০-৩৫টি বাড়ি ভাঙচুর চালায়।”
