পানি ইস্যুতে সরকারকে নিঃশর্ত সমর্থন দেবে বিএনপি
আন্তঃনদী সংযোগ প্রকল্পের বিষয়ে জরুরি ভিত্তিতে ভারতের সঙ্গে সরকারকে আলোচনায় বসার তাগিদ দিয়ে বিএনপি বলেছে, পানি বা জাতীয় স্বার্থে যে কোন উদ্যোগে তাদের নিঃশর্ত সমর্থন থাকবে।
বুধবার দুপুরে নয়া পল্টনে দলের কেন্দ্রীয় কাযার্লয়ে ওই সংবাদ সম্মেলনে দলের মুখপাত্রের দায়িত্বে থাকা আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক আসাদুজ্জামান রিপন বলেন, “গত ১৩ জুলাই ভারতের পানি সম্পদ মন্ত্রীকে উদ্ধৃত করে প্রকাশিত এক প্রতিবেদনে জানানো হয়েছে তারা আন্তঃনদী সংযোগ প্রকল্পটি এগোতে চায়। বিষয়টি ভারতের নিজস্ব ব্যাপার হলেও বিষয়টি আমাদের জন্য উদ্বেগ ও উৎকণ্ঠার।”
ভারতের সঙ্গে পানি সংক্রান্ত বিষয়ে বিএনপি সব ধরনের সহযোগিতা দিতে প্রস্তুত রয়েছে বলে জানান তিনি।
রিপন বলেন, “আমরা পানির বিষয়ে সরকারকে একেবারে ব্ল্যাঙ্ক সাপোর্ট দিয়ে দিয়েছি। পানি তথা জাতীয় স্বার্থ রক্ষার ব্যাপারে সরকার যদি কোনো উদ্যোগ নেয়, বিএনপি তাতে সহযোগিতা করতে চায়।”
বাংলাদেশের মানুষ এই ইস্যুতে একাট্টা বলে মনে করেন বিএনপির এই নেতা।
তিনি বলেন, “পানি নিয়ে বাংলাদেশের মানুষ একাট্টা। পানির স্বার্থে বিএনপি-আওয়ামী লীগ-জামায়াত-জাতীয় পার্টি-কমিউনিস্ট পার্টির মধ্যে কোনো বিভাজন নেই। পানি আমাদের প্রাণ।”
“ভারত-বাংলাদেশ এই দুটো রাষ্ট্রের মধ্যে অভিন্ন ৫৪টি নদী প্রবাহমান। সেজন্য তারা আন্তঃনদী সংযোগ প্রকল্পের নামে একতরফাভাবে পানি প্রত্যাহার করে নিতে পারে না।”
প্রকল্প বিষয়ে শুধু ‘পত্র-চালাচালি’ না করে জরুরি ভিত্তিতে ভারতের সঙ্গে সরকারকে আলোচনায় বাসারও আহ্বান জানান রিপন।
আন্তঃনদী সংযোগ প্রকল্প চালু হলে দেশের জন্য ভয়াবহ বিপযর্য় আসবে জানিয়ে তিনি বলেন, “দেশের পানি বিশেষজ্ঞরা বলেছেন, ব্রহ্মপুত্রের দুই-তৃতীয়াংশ পানি বাংলাদেশ ব্যবহার করে থাকে। ওই নদের পানি আন্তঃনদী সংযোগ প্রকল্পের নামে যদি ভারত টেনে নিয়ে যায়, তাহলে আমাদের সেচ ব্যবস্থা ভয়াবহ বিপর্যয়ের মধ্যে পড়বে।”
ভারতের এরকম সিদ্ধান্ত বাংলাদেশের জন্য ‘ডেথ সেন্টেন্স’ বলেও অভিহিত করেন রিপন।
“ভারতের আন্তঃনদী সংযোগ প্রকল্প একবার যদি চালু হয়ে যায়, তাহলে কিন্তু বাংলাদেশ সরকারের আর কিছুই করার থাকবে না। বাংলাদেশ মরুভূমি হয়ে পড়বে।”
আন্তঃনদী সংযোগ প্রকল্পের বিষয়ে জানতে ভারতের হাইকমিশনারকে ডেকে পাঠানোর পরামর্শও দেন বিএনপির এই মুখপাত্র।
সংবাদ সম্মেলনে অন্যদের মধ্যে কাজী আসাদুজ্জামান, শাহজাদা মিয়া, আবদুস সালাম আজাদ, আসাদুল করিম শাহিন, সেলিম রেজা হাবিব, সুলতানা আহমেদ উপস্থিত ছিলেন।
