২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মুসলিম লীগ ও জাগপার সঙ্গে বিএনপির দ্বিতীয় দফা সংলাপ

বিএনপি মহাসচিব জানান, “যুগপৎ আন্দোলনের দাবিগুলো নিয়ে আমরা তাদের সঙ্গে আলোচনা করেছি এবং একমত হয়েছি।”

মুসলিম লীগ ও জাগপার সঙ্গে বিএনপির দ্বিতীয় দফা সংলাপ

সোমবার বিকালে গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে জোটের শরিকদের সঙ্গে সংলাপ করেন বিএনপি মহাসচিব।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Oct 2022, 08:58 PM

Updated : 10 Oct 2022, 08:58 PM

সরকার পতনে যুগপৎ আন্দোলনের দাবিনামা নিয়ে জাতীয় গণতান্ত্রিক পার্টি (জাগপা) ও মুসলিম লীগের সঙ্গে  দ্বিতীয় দফা সংলাপ করেছে বিএনপি।

সোমবার বিকালে রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে আলাদাভাবে ২০ দলীয় জোটের এই দুই শরিক দলের সঙ্গে বৈঠক করেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

বৈঠকে শেষে বিএনপি মহাসচিব বলেন, “আমাদের ধারাবাহিক যে দ্বিতীয় দফার সংলাপ তার অংশ হিসেবে আজকে দুইটা দলের সাথে আমরা আলোচনা করেছি। যুগপৎ আন্দোলনের দাবিগুলো নিয়ে আমরা তাদের সঙ্গে আলোচনা করেছি এবং দাবিগুলো নিয়ে আন্দোলন করার বিষয়ে একমত হয়েছি।

“আমি আশা করছি যে, অন্যান্য দলের সঙ্গে আলোচনা শেষ করে যুগপৎ আন্দোলনের মধ্য দিয়ে আমরা সামনের দিকে এগিয়ে যাবো।”

সংলাপে জাগপার সভাপতি খন্দকার লুতফর রহমান ও বাংলাদেশ মুসলিম লীগের মহাসচিব অ্যাডভোকেট শেখ জুলফিকার বুলবুল চৌধুরী নিজ নিজ দলের হয়ে ১০ সদস্যের প্রতিনিধি দলের নেতৃত্ব দেন।

মুসলিম লীগের প্রতিনিধি দলে ছিলেন আখতার জাহান রুকু, আজিজুর রহমান লিটন, নাসিম খান, সরওয়ার-ই-আলম খান, সৈয়দ মিনহাজ উদ্দীন, মোশাররফ হোসেন তারা, হাজী মোহাম্মদ জিয়া, মোহাম্মদ আবু হোসেন ও মোহাম্মদ ইমরান।

জাগপার প্রতিনিধি দলে ছিলেন এসএম শাহাদাত হোসেন, রকিব উদ্দিন চৌধুরী মুন্না, ফায়জুর রহমান, মুন্সি মফজুর রহমান, আওলাদ হোসেন শিল্পী, আমিনুল ইসলাম মুকুল, মোহাম্মদ মোবারক হোসেন, মোখলেছুর রহমান ও আবুল হোসেন।

বিএনপি মহাসচিবের সঙ্গে দলের স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান উপস্থিত ছিলেন।

দ্বিতীয় দফা সংলাপে এরইমধ্যে জাতীয় পার্টি (কাজী জাফর), এলডিপি, কল্যাণ পার্টি, লেবার পার্টি, ন্যাশনাল পিপলস পার্টির সঙ্গে বৈঠক করেছেন বিএনপি মহাসচিব।

যুবদলের দুই কর্মীকে সহযোগিতা

মুন্সিগঞ্জ ও নারায়ণগঞ্জে দলীয় কর্মসূচিতে অংশ নিতে গিয়ে ‘পুলিশের গুলিতে’ নিহত দুই যুব দল কর্মীর পরিবারকে আর্থিক সহযোগিতা দিয়েছে বিএনপি।

সোমবার সন্ধ্যায় গুলশানে চেয়ারপারসনের কার্যালয়ে এক অনুষ্ঠানে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর মুন্সিগঞ্জের শহীদুল ইসলাম শাওন ও নারায়ণগঞ্জের শাওন প্রধানের পরিবারের হাতে দলীয় অনুদানের সহযোগিতা তুলে দেন।

অনুষ্ঠানে ভারচুয়াল কনফারেন্সিংয়ের মাধ্যমে লন্ডন থেকে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সংক্ষিপ্ত বক্তব্য রাখেন।

জ্বালানি তেল ও নিত্যপণ্যের মূল্য বৃদ্ধির প্রতিবাদে দলীয় কর্মসূচিতে অংশ নিতে গিয়ে ২১ সেপ্টেম্বর পুলিশের গুলিতে নিহত হন মুন্সিগঞ্জ জেলা যুব দলের কর্মী শহীদুল ইসলাম শাওন।

এর আগে ১ সেপ্টেম্বর দলের প্রতিষ্ঠাবার্ষিকীর মিছিল চলাকালে পুলিশের গুলিতে নিহত হন নারায়ণগঞ্জের যুব দল কর্মী শাওন প্রধান।

অনুষ্ঠানে মুন্সিগঞ্জ বিএনপির সাধারণ সম্পাদক কামরুজ্জামান রতন, কেন্দ্রীয় নেতা মীর সরাফত আলী সপু, যুব দল সভাপতি সুলতান সালাহউদ্দিন টুকু, মোনায়েম মুন্না, মামুন হাসান, কামরুজ্জামান দুলাল, শফিকুল ইসলাম মিল্টন, ইসহাক সরকার, আজিজুর রহমান আজিজসহ দুই জেলার নেতারা উপস্থিত ছিলেন।