আওয়ামী লীগের হীরক জয়ন্তীতে ৩ দিনের আয়োজন
রাজধানীর রবীন্দ্র সরোবরে সাংস্কৃতিক অনুষ্ঠান, হাতিরঝিলে নৌকা বাইচ, সাইকেল র্যালি অনুষ্ঠিত হবে।
আওয়ামী লীগের হীরক জয়ন্তী অনুষ্ঠানে নিবন্ধিত সব রাজনৈতিক দলকে আমন্ত্রণ জানানো হবে বলে জানিয়েছেন ক্ষমতাসীন দলটির সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।
সোমবার ঢাকা মহানগর উত্তর-দক্ষিণ ও ঢাকা জেলা আওয়ামী লীগ এবং ঢাকা উত্তর-দক্ষিণ সিটির মেয়রের সঙ্গে মতবিনিময় সভা শেষে তিনি এ কথা জানান।
ওবায়দুল কাদের বলেন, “আওয়ামী লীগের হীরক জয়ন্তীর অনুষ্ঠানে নিবন্ধিত সকল রাজনৈতিক দলকে আমন্ত্রণ জানানো হবে। এ ক্ষেত্রে কে প্রতিপক্ষ, সেটা বিবেচ্য বিষয় নয়।
“ডিজিটাল বাংলাদেশের পর স্মার্ট বাংলাদেশ গড়তে আমরা যখন প্রস্তুত হচ্ছি, ঠিক এই সময় আওয়ামী লীগের ৭৫তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হবে। তিন দিনব্যাপী প্রতিষ্ঠাবার্ষিকীর উদযাপিত হবে সারাদেশে ইউনিয়ন ও ওয়ার্ড পর্যন্ত।"
১৯৪৯ সালের ২৩ জুন পুরান ঢাকার কে এম দাস লেনের রোজ গার্ডেনে আত্মপ্রকাশ ঘটে দলটির, প্রায় দুই যুগ পর যে দলটির নেতৃত্বে স্বাধীন হয় বাংলাদেশ।
আওয়ামী লীগ সাধারণ সম্পাদক কাদের জানান, ২১ জুন বিকাল ৩টায় রমনার ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন থেকে ধানমন্ডি ৩২ নম্বরের বঙ্গবন্ধু ভবন পর্যন্ত শোভাযাত্রা বের করা হবে। পরদিন প্রতিষ্ঠাবার্ষিকীর আয়োজন থাকবে রোজ গার্ডেনে। ২৩ জুন বঙ্গবন্ধু ভবনের সামনে হীরক জয়ন্তী অনুষ্ঠান উদ্বোধন করবেন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
সেদিন বিকাল ৩টায় সোহরাওয়ার্দী উদ্যানে আওয়ামী লীগের আলোচনাসভা হবে জানিয়ে তিনি বলেন, “সভার শুরুতে সাংস্কৃতিক আয়োজন থাকবে। এছাড়া প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে রাজধানীর রবীন্দ্র সরোবরে সাংস্কৃতিক অনুষ্ঠান, হাতিরঝিলে নৌকা বাইচ, সাইকেল র্যালি অনুষ্ঠিত হবে।"
