যুবলীগের সক্ষমতার প্রমাণ মহাসমাবেশে দেব: ফজলে সামস পরশ
প্রতিষ্ঠার সুবর্ণজয়ন্তী উপলক্ষে ১১ নভেম্বর সোহরাওয়ার্দী উদ্যানে মহাসমাবেশ করবে কেন্দ্রীয় যুবলীগ।
বিএনপির হুমকি ধামকির ‘দাঁত ভাঙা জবাব’ দেওয়ার সক্ষমতা যে যুবলীগ রাখে, তার প্রমাণ আসন্ন মহাসমাবেশে মিলবে বলে মন্তব্য করেছেন ক্ষমতাসীন দলের এই ভ্রাতৃপ্রতিম সংগঠনের চেয়ারম্যান শেখ ফজলে সামস পরশ।
প্রতিষ্ঠার সুবর্ণজয়ন্তী উপলক্ষে ১১ নভেম্বর সোহরাওয়ার্দী উদ্যানে মহাসমাবেশ করবে কেন্দ্রীয় যুবলীগ। সেই কর্মসূচি সফল করতে শুক্রবার ঢাকা মহানগর উত্তর যুবলীগ আয়োজিত প্রস্তুতি সভায় তিনি এ কথা বলেন।
যুবলীগ চেয়ারম্যান বলেন, “আগামী নির্বাচনকে কেন্দ্র করে বিএনপি-জামায়াত গোটা বাংলাদেশে যে নৈরাজ্য ও সন্ত্রাস সৃষ্টি করছে তার জবাব যে যুবলীগ সংগঠন হিসাবে যে কোনো সময় দেবার সক্ষমতা রাখে, সেই প্রমাণ এই মহাসমাবেশের মাধ্যমে প্রতিষ্ঠিত হবে।”
রাজপথে বিএনপিকে মোকাবিলা করতে ‘যুবলীগই যথেষ্ট’ মন্তব্য করে তিনি বলেন, “স্বাধীনতাবিরোধীরা যেভাবে মাথাচাড়া দিয়ে উঠছে, তাতে রাজনৈতিক শক্তি এবং সামর্থ্য প্রদর্শন করা এখন অপরিহার্য হয়ে দাঁড়িয়েছে। আমরা ওদের সতর্ক করতে চাই যে ওই স্বাধীনতা বিরোধীদের মোকাবেলার করার জন্য যুবলীগ একাই একশ।”
যুবলীগ সাধারণ সম্পাদক মাইনুল হোসেন খান নিখিল সভায় যুবলীগ নেতাকর্মীদের স্বতস্ফূর্তভাবে মহাসমাবেশ সফল করার আহ্বান জানান।
ঢাকা মহানগর উত্তর যুবলীগের ভারপ্রাপ্ত সভাপতি জাকির হোসেন বাবুলের সভাপতিত্বে সুবর্ণজয়ন্তী উৎসবের আহ্বায়ক ও সংগঠনের প্রেসিডিয়াম সদস্য মজিবুর রহমান চৌধুরী নিক্সন, যুগ্ম সম্পাদক বাবু সুব্রত পাল, প্রচার সম্পাদক জয়দেব নন্দীসহ কেন্দ্রীয় মহানগরের নেতারা বক্তব্য দেন।
