৫ দিনের কর্মসূচি দিয়ে নেমেছে যুবলীগ
১৭ ফেব্রুয়ারি শুরু হয়ে ২২ ফেব্রুয়ারি পর্যন্ত চলবে এই বিক্ষোভ ও প্রতিবাদ যুবলীগ।
বিএনপি-জামায়াতের ‘সন্ত্রাস, সহিংস রাজনীতি, প্রকাশ্যে অস্ত্রের মহড়া, জনগণ ও পুলিশের ওপর হামলা এবং সাধারণ মানুষের জানমালের ক্ষতির প্রতিবাদে’ ঢাকাসহ সারাদেশে পাঁচ দিনের বিক্ষোভ মিছিল ও সমাবেশের কর্মসূচি ঘোষণা করেছে যুবলীগ।
বুধবার ঢাকার বঙ্গবন্ধু এভিনিউ এলাকায় বিক্ষোভ মিছিল শেষে সংক্ষিপ্ত সমাবেশে এ ঘোষণা দেন যুবলীগ চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ।
সমাবেশে তিনি বলেন, “বিএনপি এখন চাচ্ছে লাশের রাজনীতি করতে। আগামী জাতীয় সংসদ নির্বাচন বানচাল করতে বিএনপি বিভিন্ন অপচেষ্টা করবে। তারেক জিয়া চাচ্ছেন, বাংলাদেশে যাতে নির্বাচনটা না হয়। কারণ, তিনি মানি লন্ডারিং মামলা ও একুশে অগাস্ট গ্রেনেড হামলা মামলায় সাজাপ্রাপ্ত।
“আমি তাদের বলতে চাই, নির্বাচন হবে জননেত্রী শেখ হাসিনার অধীনেই এবং নির্বাচন কমিশনের পরিচালনায় একটা অবাধ, নিরপেক্ষ এবং যথাযথ পদ্ধতিতে নির্বাচন হবে। বিদেশি প্রভুদের প্রেসক্রিপশনে নির্বাচন হবে না।”
বিএনপির পদযাত্রায় জনসম্পৃক্ততা নেই দাবি করে যুবলীগ চেয়ারম্যান বলেন, “তাদের অত্যাচারের কথা জনগণ ভোলে নাই। ২০১৪ সালের অগ্নিসংযোগের কথা জনগণ ভোলে নাই। সার ও বিদ্যুতের জন্য কৃষকদের ওপর গুলির কথা জনগণ ভোলে নাই।
“এজন্য তারা হতাশায় ভুগেছে এবং সেই হতাশা থেকে তারা দিক বিদিক হারিয়ে ফেলেছে। তাদের সন্ত্রাসী চেহারা বের হয়ে আসছে। কিছু ‘কিশোর গ্যাং’ এবং শিবির-কর্মী দিয়ে তাদের মিছিল-মিটিং গরম করবে আর কত দিন? বিএনপির নেতৃত্বের প্রতি জনগণের কোনো আস্থা নাই।”
পরশ বলেন, “আমরা জনগণের পাশে থাকার কাজ অব্যাহত রাখব এবং জনগণের জানমালের নিরাপত্তার প্রশ্নে বঙ্গবন্ধুকন্যা রাষ্ট্রনায়ক শেখ হাসিনার প্রশ্নে যুব লীগ আপসহীন, ভ্যানগার্ড হিসেবে আমরণ সজাগ এবং সরব দৃষ্টি রাখব এবং প্রয়োজনে শক্তি প্রয়োগ করবো। সেই মর্মে বিএনপি-জামাতের সন্ত্রাস, সহিংস রাজনীতি, প্রকাশ্যে অস্ত্রের মহড়া, জনগণ ও পুলিশের ওপর হামলার প্রতিবাদে কর্মসূচি ঘোষণা করছি।”
১৭ ফেব্রুয়ারি বঙ্গবন্ধু এভিনিউয়ে ঢাকা মহানগর যুবলীগ দক্ষিণের এবং ফার্মগেইট যুবলীগ চত্বরে ঢাকা মহানগর যুবলীগ উত্তরের প্রতিবাদ সমাবেশ হবে।
১৮ ফেব্রুয়ারি ঢাকা মহানগর ছাড়া দেশের সব বিভাগীয় শহরে প্রতিবাদ সভা হবে। ১৯ ফেব্রুয়ারি দেশের প্রতিটি উপজেলা/থানা ও পৌরসভায় প্রতিবাদ সভা ও বিক্ষোভ মিছিল হবে। ২০ ফেব্রুয়ারি দেশের প্রতিটি জেলায় প্রতিবাদ সভা ও বিক্ষোভ মিছিল হবে। ২২ ফেব্রুয়ারি ঢাকা মহানগরে জাতীয় সংসদের আসনভিত্তিক এবং দেশের সব মহানগরের প্রতিটি থানায় প্রতিবাদ সভা ও বিক্ষোভ মিছিল হবে।
সাধারণ সম্পাদক মো. মাইনুল হোসেন খান নিখিলের সঞ্চালনায় যুবলীগের সভাপতিমণ্ডলীর সদস্য মঞ্জুর আলম শাহীন, যুগ্মসাধারণ সম্পাদক বিশ্বাস মুতিউর রহমান বাদশা, মো. হেলাল উদ্দিন, মো. জহির উদ্দিন খসরু, মশিউর রহমান চপল, প্রচার সম্পাদক জয়দেব নন্দী সমাবেশে বক্তব্য রাখেন।
