২৪ সেপ্টেম্বর ২০২৬, ০৯ আশ্বিন ১৪৩৩

হাসপাতাল থেকে বাসায় ফিরেছেন ফখরুল

“আলহামদুলিল্লাহ, মহাসচিব সুস্থ আছেন, ভালো আছেন। এখন তিনি বিশ্রামে আছেন।“

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Dec 2024, 03:15 PM

Updated : 26 Aug 2026, 11:08 AM

সাভারের সম্মিলিত সামরিক হাসপাতাল থেকে চিকিৎসা নিয়ে সুস্থবোধ করায় বাসায় ফিরেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

সোমবার দলের স্থায়ী কমিটির সদস্য বিশেষজ্ঞ চিকিসক অধ্যাপক এজেডএম জাহিদ হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেছেন, সিএমএইচে ঘণ্টাদুয়েক থাকার পর দুপুরে ২টায় মির্জা ফখরুল তার গুলশানের বাসায় ফিরেছেন।

তিনি বলেন, “আলহামদুলিল্লাহ, মহাসচিব সুস্থ আছেন, ভালো আছেন। এখন তিনি বিশ্রামে আছেন।

“সাভার সিএমএইচে উনার কিছু পরীক্ষা-নিরীক্ষা করা হয়েছে। রিপোর্টগুলো ফলাফল ভালো। সিএমএইচের চিকিৎসকরা রিপোর্ট পর্যালোচনা করে বিএনপি মহাসচিবকে বাসায় যাওয়ার ছাড়পত্র দেন।”

সকালে জাতীয় স্মৃতিসৌধে শহীদদের প্রতি শ্রদ্ধা জানানোর পর সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় হঠাৎ করে অসুস্থ হয়ে সেখানেই বসে পড়েন ফখরুল। পরে এক পর্যায়ে মাটিতে শুয়েও পড়েন তিনি।

জাহিদ বলেন, “এত ভিড় ছিল যা না দেখলে বুঝানো সম্ভব না। ওই ভিড়ের মধ্যে শ্রদ্ধা নিবেদন পর্ব শেষে মহাসচিব সাংবাদিকদের কাছে ব্রিফিংয়ের জন্য যখন যাচ্ছিলেন তখন এই ভিড়ে চাপে মহাসচিব অসুস্থ হয়ে পড়েন।

“আমি, যুগ্ম মহাসচিব হাবিব উন নবী খাস সোহেল ও সাবেক সাংসদ দেওয়ান সালাহউদ্দিন বাবু দ্রুত তাকে ধরাধরি করে গাড়িতে তুলে সিএমএইচে নিয়ে আসি। আল্লাহর রহমত হাসপাতালে আসার সাথে কমাডেন্ট, মেডেসিন, হৃদরোগ, আইসিইউসহ বিভিন্ন বিভাগের বিশেষজ্ঞ চিকিৎসকরা মহাসচিবের চিকিৎসা দ্রুত শুরু করেন, কয়েকটি পরীক্ষাও করেন।”

জাহিদ জানিয়েছেন, মির্জা ফখরুল অসুস্থ হয়েছে জেনে দ্রুত নবম পদাতিক ডিভিশনের জিওসি মেজর জেনারেল মো. মঈন খান সিএমএইচএ যান এবং তার চিকিৎসার খোঁজ-খবর করেছেন।

স্মৃতিসৌধে ফখরুল অসুস্থনেওয়া হয়েছে হাসপাতালে