২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বিকালে হাসপাতালে যাচ্ছেন খালেদা জিয়া

এর আগে গত ২৭ ফেব্রুয়ারি তিনি হাসপাতালে গিয়ে স্বাস্থ্য পরীক্ষা করিয়েছিলেন।

বিকালে হাসপাতালে যাচ্ছেন খালেদা জিয়া

খালেদা জিয়া মহাখালীর শেখ রাসেল জাতীয় গ্যাস্ট্রোলিভার ইনস্টিটিউট অ্যান্ড হাসপাতালে করোনাভাইরাসের টিকা নিয়েছিলেন।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Apr 2023, 01:08 PM

Updated : 29 Apr 2023, 01:08 PM

মেডিকেল বোর্ডের পরামর্শে স্বাস্থ্য পরীক্ষার জন্য আবার হাসপাতালে যাচ্ছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া।

শনিবার বিকালে তাকে বসুন্ধরা এভারকেয়ার হাসপাতালে নেওয়া হবে বলে তার চিকিৎসক ও বিএনপি নেতা অধ্যাপক এ জেড এম জাহিদ হোসেন জানিয়েছেন।

৭৭ বছর বয়সী বিএনপি চেয়ারপারসন শর্ত সাপেক্ষ কারাগার থেকে ছাড়া পাওয়ার পর বেসরকারি এই হাসপাতালেই চিকিৎসা নিচ্ছেন। হৃদরোগ বিশেষজ্ঞ অধ্যাপক সাহাবুদ্দিন তালুকাদারের নেতৃত্বে একটি মেডিকেল বোর্ড তার চিকিৎসা তদারক করছে।

ডা. জাহিদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “মেডিকেল বোর্ডের পরামর্শক্রমে নিয়মিত চেকআপের অংশ হিসেবে ম্যাডাম বিকাল ৩টার দিকে এভারকেয়ার হাসপাতালে যাবেন। কিছু পরীক্ষা-নিরীক্ষা আছে সেগুলো করতে হবে।”

খালেদা জিয়া দীর্ঘদিন ধরে আর্থরাইটিস, ডায়াবেটিস, কিডনি ও লিভারের নানা জটিলতায় ভুগছেন। সর্বশেষ গত ২৭ ফেব্রুয়ারি তিনি হাসপাতালে গিয়ে স্বাস্থ্য পরীক্ষা করিয়েছিলেন।

পুরনো খবর:

স্বাস্থ্য পরীক্ষা করিয়ে খালেদা জিয়া ফিরেছেন বাসায়

এরপর ঈদের দিন স্থায়ী কমিটির সদস্যরা খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাতের পর বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছিলেন, “ম্যাডাম অসুস্থ।”

শনিবার সকালে শেরে বাংলা নগরে প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবরে শ্রদ্ধা নিবেদনের পর ফখরুল সাংবাদিকদের বলেন, “আমি বার বার করে বলেছি, ম্যাডাম অত্যন্ত অসুস্থ। তার চিকিৎসা দরকার এবং সেটা দেশের বাইরে উন্নত চিকিৎসা কেন্দ্রে।”

সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া দুর্নীতির মামলায় দণ্ড নিয়ে ২০১৮ সালে কারাগারে গিয়েছিলেন। কোভিড মহামারী শুরুর পর ২০২০ সালে সরকার নির্বাহী আদেশে শর্তাধীনে মুক্তি দেয় তাকে। এরপর থেকে তিনি গুলশানের বাড়িতে রয়েছেন।

খালেদার মুক্তির শর্তে উল্লেখ রয়েছে, তিনি বিদেশে যেতে পারবেন না। দেশেই তাকে কিচিৎসা নিতে হবে।

পুরনো খবর:

খালেদার মুক্তির মেয়াদ বেড়েছে, শর্ত আগের দুটিই