২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বিএনপি আজীবন টিকে থাকবে: আব্বাস

“এখন বর্গীরাই ক্ষমতায় বসে গেছে, তারা লুট করে চলে যায় না, তারা লুট করে সম্পদ দেশের বাইরে পাচার করে দেয়। সেই বর্গীরা ক্ষমতায় আছে এখন।”

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 31 May 2024, 04:23 PM

Updated : 10 Sep 2026, 12:07 PM

দুর্নীতি-লুটপাট করে সরকার দেশকে ‘তলাবিহীন’ করে ফেলেছে বলে অভিযোগ করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস।

শুক্রবার দুপুরে নয়া পল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে সড়কে ‘গণদোয়া’ কর্মসূচির আগে সংক্ষিপ্ত বক্তব্যে তিনি বলেন, “সংক্ষিপ্ত রাষ্ট্র পরিচালনার ইতিহাস শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাত্র সাড়ে তিন বছর। এই সাড়ে তিন বছরে উনি বাংলাদেশকে যা দিয়ে গেছেন… তলাবিহীন ঝুড়ি থেকে যেখানে নিয়ে গিয়েছিলেন বাংলাদেশকে, সেই বাংলাদেশকে আবারো তলাবিহীন করে ফেলেছে এই সরকার।”

মির্জা আব্বাস বলেন, “এই বাংলাদেশ এতো দুরাবস্থা কেন? এই দেশে আজকে লুটেরাদের রাজত্ব কায়েম হয়েছে। আমরা আগে শুনতাম বর্গীরা দেশে আসত, লুট করে চলে যেত। এখন বর্গীরাই ক্ষমতায় বসে গেছে, তারা লুট করে চলে যায় না, তারা লুট করে সম্পদ দেশের বাইরে পাচার করে দেয়। সেই বর্গীরা ক্ষমতায় আছে এখন।”

জিয়াউর রহমানের ৪৩তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির উদ্যোগে এই গণদোয়া কর্মসূচিতে মোনাজাত পরিচালনা করেন জাতীয়তাবাদী ওলামা দলের আহ্বায়ক মাওলানা সেলিম রেজা।

মহানগর দক্ষিণের বিভিন্ন ওয়ার্ডসহ অঙ্গসংগঠনের নেতাকর্মী ও সমর্থকরা দোয়ায় অংশ নেন। 

মির্জা আব্বাস বলেন, “আজকে এতদিন পরেও যারা একসময় বলেছিল শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান নাই, বিএনপিও নাই। যারা ভাবে, বিএনপি থাকবে না, তাদের মুখে ছাই দিয়ে বিএনপি আল্লাহর রহমতে টিকে আছে এবং বিএনপি টিকে থাকবে আজীবন।”

জ্বালানি তেলের দাম বৃদ্ধি প্রসঙ্গে

মির্জা আব্বাস বলেন, “পত্রিকায় দেখলাম ঘুম থেকে উঠেই, এক লিটারে জ্বালানি তেলের দাম আড়াই টাকা বাড়িয়ে দেয়া হয়েছে… বুঝতে পারছেন। এক লিটার তেলের দাম যদি আড়াই টাকা বাড়ায় এমনিতে তো দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে মানুষের নাভিশ্বাস উঠেছে।

“আর আড়াই টাকা জ্বালানি তেলের দাম বাড়ানোর অর্থ হল সকল জিনিসের দাম বেড়ে যাওয়া। কত জিনিস আছে… বিদ্যুৎ-তেল এগুলোর দাম বাড়লে প্রতিটা জায়গায় এর অ্যাফেক্ট পড়ে।”

ঢাকা মহানগর দক্ষিণের আহ্বায়ক আবদুস সালামের সভাপতিত্বে ও সদস্য সচিব রফিকুল আলম মজনুর সঞ্চালনায় অনুষ্ঠানে দলের স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়, জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী ও উত্তরের সদস্য সচিব আমিনুল হক বক্তব্য রাখেন।