আমরা বন্ধুহীন নই: কাদের
“আমেরিকা এলো বুঝি, নিষেধাজ্ঞা দিল বুঝি, ভিসানীতি এলো বুঝি, কে কী দিল এইসব নিয়ে বঙ্গবন্ধুর কন্যা মাথা ঘামান না।”
দলীয় নেতাকর্মীদের মনোবল শক্ত রাখার পরামর্শ দিয়ে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, তাদের দল দেশে-বিদেশে কোথাও বন্ধুহীন নয়।
মঙ্গলবার সন্ধ্যায় তেজগাঁওয়ে ঢাকা জেলা আওয়ামী লীগের ভবনে কেন্দ্রীয় এবং ঢাকা ও পার্শ্ববর্তী সাংগঠনিক জেলাসমূহের নেতদের মতবিনিময় সভায় তিনি বলেন, “ওটা-এটা দেখলে হঠাৎ মন খারাপ হয়ে যায়। আমেরিকা এলো বুঝি, নিষেধাজ্ঞা দিল বুঝি, ভিসানীতি এলো বুঝি, কে কী দিল এইসব নিয়ে বঙ্গবন্ধুর কন্যা মাথা ঘামান না। আমরা বন্ধুহীন নই। আমরা বন্ধুহীন দেশেও না, বিদেশেও না, আবারো জানিয়ে দিচ্ছি।
আজকে আওয়ামী লীগের সুদিন এটা কাউকে না ভাবার পরামর্শ দিয়ে ওবায়দুর কাদের বলেন, “এখন পরিষ্কার অন্ধকারের শক্তি আমাদের চ্যালেঞ্জ করছে। অন্ধকারের শক্তির সঙ্গে আমাদের লড়তে হবে। যে শক্তির বিরুদ্ধে একাত্তরে আমরা লড়েছি। পঁচাত্তরের পরে যে লড়াই আমরা করেছি, আমাদের অস্তিত্বের লড়াই। অনেকে ভেবেছিল ১০০ বছরেও আওয়ামী লীগ ক্ষমতায় আসবে না। অনেকে ভেবেছিল এ পার্টির আর কোনো ভবিষ্যৎ নেই।
“শেখ হাসিনা এলেন গণতন্ত্রকে শৃংখলমুক্ত করতে, যুদ্ধাপরাধীদের বিচার করতে। জয় বাংলা তখন নির্বাসিত, ৭ মার্চ নিষিদ্ধ, বিজয় এবং স্বাধীনতা দিবসে বঙ্গবন্ধু নিষিদ্ধ, সেই দুঃসময়ের কথা এখানে যারা বসে আছেন সবাই জানেন। অনেকেই নির্যাতিত। জেলে দুঃসময় কাটিয়েছেন, বাড়িঘরে থাকতে পারেননি।”
তিনি বলেন, “ফখরুল সাহেব আপনাদের আমলে হোন্ডাগুন্ডার যে নির্বাচন, এদেশের মানুষ আজও ভোলেনি। কিভাবে ক্ষমতা দখল করেছেন আপনারা, আমরা ভুলিনি।”
বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে উদ্দেশ্য করে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, “সেদিন ঠাকুরগাঁওয়ে দেখলাম কোন কর্মী অ্যারেস্ট হলো, তার জন্য তিনি অঝরে কাঁদছেন। তারপরে আবার দেখলাম ঢাকায় এসে প্রতিদিনই কান্না। অস্ত্রসহ ৬ ছাত্রদলের ক্যাডার ধরা পড়েছে, চোখের পানিতে ফখরুলের বুক ভেসে যায়। এই অপরাধীদের জন্য আপনি কাঁদেন, লজ্জা করে না? যারা অস্ত্র কিনে ব্যবসা করে, প্রকাশ্যে ধরা পড়ে, তাদের জন্য আপনি কাঁদেন। এসব অস্ত্র জোগাড় করছেন কেন? নির্বাচন প্রতিরোধ করবেন? ২০১৩-১৪ সালের পুনরাবৃত্তি ঘটাবেন? বাংলাদেশের সেই দিন আর আসবে না।”
ওবায়দুল কাদের বলেন, "আওয়ামী লীগের নেতাকর্মীরা কঠিন ঐক্য নিয়ে জঙ্গিবাদ, সন্ত্রাসী, সাম্প্রদায়িকতাকে রুখে দেবে। এ দেশ পাকিস্তানের বন্ধুদের জন্য নয়, এ দেশ সাম্প্রদায়িকদের জন্য নয়, এ দেশ অর্থ পাচারকারীদের নয়। মুচলেকা দিয়ে পালিয়ে যাওয়া তারেককে বাংলাদেশের জনগণ নেতা বানাবে না।
“আজকে বিএনপির মির্জা ফখরুল বলেন, আমরা নাকি তাদের ২২ জন নেতাকর্মীকে হত্যা করেছি। ফখরুল সাহেব, আপনাদের ২২ জন আর আমাদের ২২ হাজার নেতাকর্মী হত্যা করেছেন। আপনারা গণতন্ত্রের কথা বলেন, সেই দিন কোথায় ছিল গণতন্ত্র ২০০১ সালে অস্বাভাবিক সরকার যখন গদিতে বসেই আওয়ামী লীগের নেতাকর্মী উপর অত্যাচার শুরু করেছিল? ফখরুল সাহেব, আপনি এখন বলেন, সরকারি দল নাটক সাজিয়েছে। তখন বেগম খালেদা জিয়া বলেছিল, উনাকে কে মারতে যাবে? উনি ভ্যানেটি ব্যাগে করে গ্রেনেড নিয়ে গিয়েছিলেন। নাটক তো আপনারা করেছিলেন, জজ মিয়ার নাটক।”
মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য আব্দুর রাজ্জাক, মো. ফারুক খান, কামরুল ইসলাম, আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মির্জা আজম, দপ্তর সম্পাদক বিপ্লব বড়ুয়া, শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক সিদ্দিকুর রহমান, শিক্ষা ও মানবসম্পদ বিষয়ক সম্পাদক শামসুন নাহার চাপা, উপদপ্তর সম্পাদক সায়েম খান, উপপ্রচার সম্পাদক আব্দুল আউয়াল শামীম, কার্যনির্বাহী সদস্য সাহাবুদ্দিন ফরাজী, মোহাম্মদ এ আরাফাত, বাগেরহাট-১ আসনের সংসদ সদস্য শেখ হেলাল উদ্দিন, মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক, বস্ত্র ও পাট মন্ত্রী গোলাম দস্তগীর গাজী, বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রী নসরুল হামিদ, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী এনামুর রহমান, যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. জাহিদ আহসান রাসেল।
