১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

গণঅধিকার পরিষদকে কেন নিবন্ধন নয়, জানতে চায় হাই কোর্ট

নির্বাচন কমিশনকে চার সপ্তাহের মধ্যে এ রুলের জবাব দিতে বলা হয়েছে।

গণঅধিকার পরিষদকে কেন নিবন্ধন নয়, জানতে চায় হাই কোর্ট

রেজা কিবরিয়া।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Dec 2023, 01:35 AM

Updated : 12 Dec 2023, 01:35 AM

রেজা কিবরিয়ার নেতৃত্বাধীন গণঅধিকার পরিষদকে রাজনৈতিক দল হিসেবে কেন নিবন্ধন দেওয়া হবে না, তা জানতে চেয়েছে হাই কোর্ট। 

এ সংক্রান্ত একটি রিট আবেদনের প্রাথমিক শুনানি নিয়ে বিচারপতি কেএম কামরুল কাদের ও বিচারপতি খিজির হায়াতের বেঞ্চ সোমবার এ বিষয়ে রুল জারি করে। 

নির্বাচন কমিশনকে চার সপ্তাহের মধ্যে এ রুলের জবাব দিতে বলা হয়েছে। 

এদিন রিটকারীর পক্ষে শুনানি করেন আইনজীবী একলাস উদ্দিন ভূঁইয়া। নির্বাচন কমিশনের পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট মো. আনিছুজ্জামান। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল শেখ সাইফুজ্জামান। 

রাজনৈতিক দল হিসেবে গণঅধিকার পরিষদকে নিবন্ধন না দেওয়ার সিদ্ধান্ত চ্যালেঞ্জ করে গত ১৩ নভেম্বর এ রিট আবেদন করেন রেজা কিবরিয়া।

নির্বাচন কমিশন গত ২৯ অগাস্ট রেজা কিবরিয়াকে নিবন্ধন না দেওয়ার সিদ্ধান্তের কথা জানায়। ওই সিদ্ধান্তের বৈধতা চ্যালেঞ্জ করে নিবন্ধনের আদেশ এবং রুল চাওয়া হয় রিট আবেদনে। 

গণঅধিকার পরিষদকে নিবন্ধন না দেওয়ার কারণ জানিয়ে গত ২৯ অগাস্ট রেজা কিবরিয়াকে ইসির উপ-সচিব মো. আব্দুল হালিম খান স্বাক্ষরিত চিঠিতে বলা হয়, “মাঠ পর্যায়ের কর্মকর্তা ও উচ্চ ক্ষমতাসম্পন্ন কমিটি কর্তৃক প্রেরিত তদন্ত প্রতিবেদনে দেখা গেছে, গণঅধিকার পরিষদের কেন্দ্রীয় ও জেলা পর্যায়ের শর্ত প্রতিপালিত হয়েছে। তবে দলটির সরবরাহকৃত ১৪১টি উপজেলা/থানা পর্যায়ের তথ্য যাচাই করে মাত্র ৬৩টি জায়গায় দলটির নিবন্ধনের শর্ত প্রতিপালনের তথ্য সঠিক পাওয়া যায়। 

“অবশিষ্ট ৭৮টি উপজেলা/থানা অফিস এবং নির্ধারিত সংখ্যক ভোটার সদস্য থাকার তথ্য, অর্থাৎ নিবন্ধনের শর্ত প্রতিপালনের তথ্য সঠিক পাওয়া যায়নি। দলটি কর্তৃক নিবন্ধনের শর্ত যথাযথভাবে প্রতিপালিত না হওয়ায় নির্বাচন কমিশনের নিকট দলটি নিবন্ধনযোগ্য বিবেচিত হয়নি। এ অবস্থায় রাজনৈতিক দল নিবন্ধন বিধিমালা, ২০০৮ এর বিধি-৭ এর উপ-বিধি (৬) অনুযায়ী নির্বাচন কমিশন গণঅধিকার পরিষদ নামীয় দলের আবেদন না-মঞ্জুরপূর্বক নিষ্পত্তি করেছেন।”

আরও পড়ুন

পুরানো খবর:

গণঅধিকার পরিষদের নিবন্ধন পেতে রিট রেজা কিবরিয়ার

পুরানো খবর:

নিবন্ধন পাচ্ছে না গণঅধিকার পরিষদ, নাগরিক ঐক্য, এবি পার্টি